আসছে এলইডি লাইটের তৈরি ‘লাই-ফাই’ নেটওয়ার্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০১৩, ১৯:৫০
তারহীন ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে বিশ্বব্যাপী বহুল ব্যবহূত নেটওয়ার্কের নাম ওয়াই-ফাই। ইতোমধ্যেই পানির নিচেও এই ওয়াই-ফাই নেটওয়ার্কের বিস্তৃতি নিয়ে কাজ করছেন গবেষকরা। তাতে সাফল্যও মিলছে। তবে প্রচলিত ওয়াই-ফাই নেটওয়ার্কের খরচ কমিয়ে এবারে এলইডি লাইটের সাহায্যে ওয়াই-ফাই নেটওয়ার্ক তৈরিতে সাফল্য লাভ করেছেন চীনের একদল গবেষক। এলইডি লাইটের মাধ্যমে এই নেটওয়ার্ক কাজ করবে বলে এর নাম দেওয়া হয়েছে ‘লাই-ফাই’। চীনের জিনহুয়া নিউজে প্রকাশিত খবর অনুযায়ী সাংহাইয়ের ফিউডান ইউনিভার্সিটিতে একদল গবেষক এলইডি লাইটের সহায়তায় এমন ওয়াই-ফাই নেটওয়ার্ক তৈরিতে সক্ষম হয়েছেন। গবেষকরা এলইডি লাইটে বিশেষ ধরনের মাইক্রোচিপ ব্যবহার করে ১৫০ মেগাবিট পার সেকেন্ড গতি অর্জন করা সম্ভব বলে জানিয়েছেন। তারা জানিয়েছেন, একটি এক ওয়াটের এলইডি লাইট ব্যবহার করে খুব সহজেই চারটি কম্পিউটারে তথ্যপ্রবাহ নিশ্চিত করা সম্ভব। চীনে প্রচলিত যে ব্রডব্যান্ড সংযোগ ব্যবহার করা হয়, লাই-ফাইয়ের মাধ্যমে তার থেকে দ্রুতগতির এবং সাশ্রয়ী সংযোগ তৈরি করা যাবে। লাই-ফাই নিয়ে অবশ্য এর আগেও অনেক কাজই হয়েছে। একে ‘ভিজিবল লাইট কমিউনিকেশন’ বা ‘ভিএলসি’ নামেও অভিহিত করা হয়। ২০১১ সালে এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হ্যারাল্ড হাস এলইডি লাইট ব্যবহার করে কম্পিউটারে হাই ডেফিনেশন ভিডিও স্ট্রিমিং করানোর প্রযুক্তি প্রদর্শন করেছে। চলতি বছরেও ফ্রনহফার হেনরিখ হার্জ ইনস্টিটিউটের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ল্যাবরেটরিতে এলইডি লাইট ফ্রিকোয়েন্সি ব্যবহার করে ১ জিবিপিএস পর্যন্ত গতি অর্জন করা সম্ভব। সেক্ষেত্রে একটি এলইডি লাইটে তিনটি ভিন্ন ভিন্ন রঙ ব্যবহার করে ৩ জিবিপিএস পর্যন্ত গতিও অর্জন করা যায়। তবে প্রয়োগের দিক থেকে এখনও পর্যন্ত চীনা গবেষক দলই সবচাইতে এগিয়ে রয়েছে। তবে নতুন ধরনের এই প্রযুক্তিকে বাণিজ্যিকভাবে বাজারজাত করার জন্য আরও সময় এবং গবেষণার প্রয়োজনের কথা জানিয়েছেন তারা। আসছে নভেম্বরের প্রথম সপ্তাহে সাংহাইয়ের একটি শিল্পমেলায় এই প্রযুক্তি প্রদর্শন করবে তারা।