অ্যান্ড্রয়েড ও আইফোনে বিবিএম
প্রকাশ : ২৪ অক্টোবর ২০১৩, ১৯:৫০
ব্ল্যাকবেরি’র ইন্সট্যান্ট ম্যাসেজিং অ্যাপস বিবিএম (ব্ল্যাকবেরি ম্যাসেঞ্জার) অনেক আগেই অবমুক্ত করার কথা ছিল ফোন অ্যান্ড্রয়েড এবং আইফোনের জন্য। তবে অ্যাপসটি আনুষ্ঠানিকভাবে বাজারে ছাড়ার আগেই ছড়িয়ে পড়ে অনলাইনে। সে কারণেই আনুষ্ঠানিকভাবে এর অবমুক্তিকে পিছিয়ে দেওয়া হয়। বিরতি পড়লেও শেষ পর্যন্ত একে এই দুই প্ল্যাটফর্মের জন্য অবমুক্ত করা হয়েছে। গুগল প্লে স্টোর, অ্যাপল স্টোর এবং স্যামসাংয়ের অ্যাপ স্টোরে এখন পাওয়া যাচ্ছে এই অ্যাপ্লিকেশনটি। বিনামূল্যেই ডাউনলোড করা যাবে এই অ্যাপ্লিকেশন। আর ইমেইলের মাধ্যমে নিবন্ধন করতেও লাগবে না অর্থ। ব্ল্যাকবেরি জানিয়েছে, অনলাইনে বিবিএম ছড়িয়ে পড়ার পর থেকে প্রায় ৬০ লক্ষ ইমেইল তারা পেয়েছেন এর সম্পর্কে। তাই এটি অবমুক্তির সাথে সাথেই স্মার্টফোন ব্যবহারকারীদের কাছ থেকে ভালো সাড়া পাবে বলেই আশাবাদ ব্যক্ত করেছে ব্ল্যাকবেরি।