চীন-ভারত সম্পর্কের নয়া অধ্যায়ের সূচনা

এশিয়ার পরমাণু শক্তিধর দুই দেশ ভারত ও চীনের মধ্যে সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা হল। দীর্ঘদিনের টানাপোড়েন সম্পর্কের পর বুধবার তাদের মধ্যে সীমান্ত প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এর মধ্যদিয়ে দু’দেশের সীমান্ত উত্তেজনা অনেকটা কমে আসবে বলে বিশ্লেষকরা মনে করছেন। তবে সম্পর্কের এই নতুন দিক উন্মোচিত হলেও ভিসা সংক্রান্ত আলোচনার কোন অগ্রগতি হয়নি বলে জানা গেছে। -খবর সিনহুয়া ও এনডিটিভির চীনের রাজধানী বেইজিংয়ে ওইদিন দেশটির প্রধানমন্ত্রী লি কেকিয়াং ও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মধ্যে বৈঠকের পর সীমান্ত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় তাদের মধ্যে বাণিজ্য চুক্তিও হয়েছে, যাতে চীনের বাজারে ভারতীয় পণ্য সহজে প্রবেশ করতে পারে। বর্তমানে দুই দেশের মধ্যে বাণিজ্যে চীনের আধিপত্যই বেশি। সে কারণে এই দুই প্রতিবেশী দেশ ২০১৫ সাল নাগাদ ১শ’ বিলিয়ন মার্কিন ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্যের লক্ষ্য নির্ধারণ করেছে। গতবছর এর পরিমাণ ছিল মাত্র ৬১ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার। মঙ্গলবার থেকে চীন সফরের পর থেকে এ পর্যন্ত ভারতের সঙ্গে চীনের মোট ৯টি বিষয়ে চুক্তি হয়েছে। চুক্তি স্বাক্ষরের পর মনমোহন বলেন, যখন ভারত ও চীন একসঙ্গে হাত মেলায় তখন পুরো বিশ্ব তা অবলোকন করে। তিনি একে এক মাইলফলক বলে উল্লেখ করেন। এরপর চীনা প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাত্ করতে গেলে সেখানে প্রেসিডেন্ট লি জিনপিং বলেন, চীন-ভারত সম্পর্কে এসব চুক্তি নতুন গতি ও জীবনীশক্তির সঞ্চার করবে।