সেতুর অভাবে ৮ গ্রামের মানুষের দুর্ভোগ
প্রকাশ : ২৪ অক্টোবর ২০১৩, ২০:৫৪
জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার খরকা বিলের উপর সেতুর অভাবে প্রায় ২০ হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। একটি সেতু বদলে দিতে পারে ৮টি গ্রামের ২০ হাজার মানুষের ভাগ্য। খরকা বিলে একটি সেতু এখন এলাকাবাসির প্রাণের দাবি।
মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি ও জোড়খালি ইউনিয়নের পশ্চিম তারতাপাড়া, পূর্ব তারতাপাড়া, সুখ নগরী, ফুলজোড় খিলকাটি, পশ্চিম গুলবাড়ি, আতামারিসহ ৮টি গ্রামের ২০ হাজার মানুষ এ বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন পারাপার হয়ে থাকে। মাদারগঞ্জ পাইলট হাইস্কুল ও মহিলা কলেজের শিক্ষার্থীসহ কৃষকরা কৃষি পণ্য, হাটবাজারে গরু কেনাবেচা এমনকি ইউনিয়ন পরিষদের যাবতীয় মালামাল আনা-নেয়ার কাজেও বাঁশের এই সাঁকো ব্যবহূত হচ্ছে। প্রতি বছর গ্রামের লোকজন নিজ খরচে এ সাঁকোটি নির্মাণ করে থাকে। সাঁকোটি অকেজো হয়ে গেলে স্কুলগামী শিক্ষার্থীসহ বয়স্ক লোকজন জীবনের ঝুঁকি নিয়ে নড়বড়ে সাঁকো দিয়ে পারাপার হতে হয়। এছাড়া গর্ভবর্তী নারী, অসুস্থ রোগীদের চলাচলে বিঘ্ন ঘটে। শুষ্ক মৌসুমে বিলে হাঁটু পানি কাঁদা মেরে পারাপার হতে হয় শিক্ষক, শিক্ষার্থীসহ সাধারণ মানুষদের। এছাড়া ইউনিয়ন পরিষদের ভিজিএফ, ভিজিডি-এর যাবতীয় মালামাল প্রায় ৫ কিঃ মিঃ ঘুরে পরিবহন করতে হয় বলে ইউপি চেয়ারম্যান জানান। এ ব্যাপারে মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলাল জানান, খরকা বিলের উপর একটি সেতু নির্মাণ জরুরি। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য হুইপ মীর্জা আজম এমপি বলেন, জনগুরুত্বপূর্ণ ৭৫ মিটার দৈর্ঘ্য সেতুটি অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। অনুমোদন পেলে জরুরিভিত্তিতে সেতুটি নির্মাণ করা হবে বলে জানান।