রংপুরে প্রশাসন ও ক্ষমতাসীন দলকে প্রতিহত করার প্রস্তুতি বিএনপির
প্রকাশ : ২৪ অক্টোবর ২০১৩, ২০:৫৬
আগামী ২৭ অক্টোবর থেকে রংপুর বিভাগের ৮ জেলায় বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট নেতা-কর্মীরা যুদ্ধকালীন পরিস্থিতিতে যেভাবে শত্রুকে মোকাবিলা করা হয় সেভাবে প্রশাসন ও ক্ষমতাসীন দলকে প্রতিহত করার প্রস্তুতি নিয়েছে। এদিকে আন্দোলন ও একদলীয় নির্বাচন প্রতিহত করার জন্য রংপুর বিভাগের প্রায় সবকটি জেলায় ভোট প্রতিরোধ কেন্দ্র কমিটি ও পাড়া, মহল্লা, থানা, জেলা কমিটি গঠন করা হয়েছে।
এ ব্যাপারে বুধবার বিএনপি’র রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু জানান, কেন্দ্র থেকে নির্দেশ দেয়া হলে রংপুর বিভাগকে অচল করে দিয়ে আন্দোলন সফল করা হবে। তিনি জানান, গত ১৪ অক্টোবর ভিন্ন জগত্ বিনোদন কেন্দ্রে ৮ জেলার নেতাদের নিয়ে এ ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। তিনি আরো জানান, যে সকল জেলার নেতারা দায়িত্ব পালনে ব্যর্থ হবে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।
স্বামীর আগুনে দগ্ধ ইতি
বার হাজার টাকা যৌতুক না পেয়ে স্ত্রীর গায়ে আগুন ধরিয়ে দেয়েছে স্বামী। গত মঙ্গলবার রাতে রংপুরের কাউনিয়া উপজেলার বিড়ি শিল্প এলাকা হারাগাছ পৌরসভার দালালহাট নয়াটারি গ্রামে স্ত্রী কুলসুম বেগম ইতির (১৬) শরীরে তার স্বামী বিড়ি শ্রমিক মনিরুল ইসলাম আগুন ধরিয়ে দেয় বলে পুলিশ জানিয়েছে। ইতিকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। হাসপাতালের পরিচালক ডা. রিয়াজুল করিম বলেন, ইতির কোমর থেকে উপরের অংশ ঝলসে গেছে।