সদরপুরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

ফরিদপুরের সদরপুর উপজেলার চরমানাইড় ইউনিয়নের চরআড়িয়াল খাঁ গ্রামে বুধবার দুপুরে ওমর মুন্সী (৫০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ সময় জাফর মুন্সী (২০) নামের এক যুবককে কুপিয়ে আহত করা হয়। গুরুতর আহত অবস্থায় জাফর মুন্সীকে সদরপুর হাসপাতালে ভর্তির পর ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে। জানা গেছে, উপজেলার চরআড়িয়াল খাঁ গ্রামের ওমর মুন্সী ও নূরু মুন্সীর মধ্যে বাড়ির সীমানা নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। ঐদিন দুপুরে ওমর মুন্সী ও তার পুত্র জাফর মুন্সী বিরোধপূর্ণ জমির সীমানায় বেড়া দিতে গেলে প্রতিপক্ষরা তাদের মাথায় কুপিয়ে গুরুতর আহত করে। ঘটনা স্থলেই ওমর মুন্সী নিহত হন। সদরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেছে।