সেতু নির্মাণে দৃশ্যপট বদল
প্রকাশ : ২৪ অক্টোবর ২০১৩, ২১:১৬
এলজিইডির একটি সড়ক সেতু নির্মাণের ফলে পাল্টে গেল এলাকার দৃশ্যপট। গাজীপুর জেলার শুকুন্দিরবাগ বাজার ভায়া হায়দ্রাবাদ সড়কে ২ কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে ৭৫ মিটার দীর্ঘ এ সড়ক সেতুটি নির্মাণ করা হয়েছে। সরেজমিন ঘুরে দেখা যায়, গাজীপুর সদর, টঙ্গী ও কালিগঞ্জ এই তিন উপজেলার সংযোগ হিসেবে সেতুটি ব্যবহূত হচ্ছে। সেতুটি নির্মাণের আগে প্রায় ৫ থেকে ৬ মাইল ঘুরে এলাকার লোকজনকে গাজীপুরে আসতে হতো। সেতুটি নির্মাণের ফলে এ অঞ্চলের ৭০ হাজার মানুষের যাতায়াতের সুবিধাসহ লক্ষাধিক মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে।
উল্লেখ্য, এলজিইডির অগ্রাধিকারভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সারাদেশে ৯৯১২ কিলোমিটার সড়ক পাকাকরণ, ২৮৩৯৫ কিলোমিটার সড়কের অবকাঠামো উন্নয়ন, ১১৩টি বাজার উন্নয়ন ৮৭টি বোট ল্যান্ডিং ঘাট নির্মাণ, ৬২ কিলোমিটার সড়কে বৃক্ষ রোপণ করা হয়েছে।
প্রকল্প প্রসঙ্গে এলজিইডির প্রধান প্রকৌশলী মো. ওয়াহিদুর রহমান বলেন, সারাদেশে এ প্রকল্পের মাধ্যমে সুষম উন্নয়ন করা হয়েছে। প্রতিটি কাজ সঠিকভাবে তদারকি করা হচ্ছে।