পূর্বধলায় গলা কেটে মোটর সাইকেল ছিনতাইয়ের চেষ্টা

পূর্বধলা-কাপাসিয়া সড়কের বহুলী বাজারের পাশে গত বুধবার রাতে ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক জাহাঙ্গীর (২৮) নামে একজনকে গলা কেটে মোটর সাইকেল ছিনতাইয়ের চেষ্টা করে যাত্রীবেশী দুর্বৃত্তরা। জাহাঙ্গীরকে প্রথমে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সে উপজেলার ঠিকুরিয়া গ্রামের আবু জাহেরের ছেলে। জানা গেছে, উপজেলা সদরের স্টেশন বাজার থেকে বহুলি বাজারে যাওয়ার উদ্দেশ্যে অজ্ঞাত দুই যুবক জাহাঙ্গীরের ভাড়ায় চালিত মোটর সাইকেলে ওঠে। পরে ঘটনাস্থলে ঐ যুবকরা জাহাঙ্গীরের গলায় ছুরিকাঘাত করে মোটর সাইকেল ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় জাহাঙ্গীরের সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গত তিন মাসে উপজেলায় ৮-১০টি মোটর সাইকেল চুরি হয়েছে। পূর্বধলা থানার ওসি মো. বশীর আহমেদ জানান, এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি।