কালিহাতিতে তিনজনসহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৪
প্রকাশ : ২৪ অক্টোবর ২০১৩, ২১:১৮
সিরাজগঞ্জ ও টাঙ্গাইল কালিহাতিতে একই পরিবারের তিনজনসহ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনা ১৪ জন মারা গেছেন। খবর-ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের বেলকুচি ও কড্ডার মোড়ে গত বুধবার রাতে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে একজনসহ দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন। নিহতেরা হলেন, আব্দুল মজিদের স্ত্রী রূপবানু (৪৫) ঘটনাস্থলে নিহত ও আনসার আলী (৬০) ঢাকা নেয়ার পথে বৃহস্পতিবার মারা যান।। আহতরা হলেন, রিনা খাতুন (৫০), মিনা (৪০), সুলতান (৪৫) ও আলমগীর (১৫)।
কালিহাতী (টাঙ্গাইল)
কালিহাতী আউলিয়াবাদ এবং বল্লা সংযোগ সড়কে গতকাল বৃহস্পতিবার বিকালে পিকআপ ও টেম্পোর সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। নিহতরা হলেন, কালিহাতীর ঘোনাবাড়ি গ্রামের শান্ত দাসের স্ত্রী শিল্পী দাস (২৫), তার শিশু কন্যা পুষ্প রানী দাস (১২), শিল্পীর মা করুনা রানী দাস (৪৫)। আহত ছয়জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গত বুধবার বিকালে মোটর সাইকেলের ধাক্কায় মিঠুর স্ত্রী মানসুরা (৩৫) নামে এক গৃহবধূ নিহত ও মোটর সাইকেল চালক রহনপুর পৌর এলাকার ইয়াসিনের পুত্র বিশারত (২২) আহত হন।
গৌরীপুর (ময়মনসিংহ)
গৌরীপুরে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও ১ জন আহত হয়েছেন। উপজেলার ডেঙ্গা এলাকায় গত বুধবার সন্ধায় সড়ক দুর্ঘটনায় ধীতপুর গ্রামের কাজিম উদ্দিনের ছেলে উজ্জল (৩০) ঘটনাস্থলে ও আবুল কালাম (৪০) হাসপাতালে মারা যান।
ঘোড়াঘাট (দিনাজপুর)
উপজেলা হরিপাড়া হাটে গতকাল বৃহস্পতিবাল বিকালে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন, লোকমান আলীর স্ত্রী মিলন নেছা (৬০) ও ট্রাকের হেলপার মেহেদী (২০। নিহত হেলপার বগুড়া জেলার সিলকমীর গ্রামের মিন্টু মিয়ার পুত্র।
কাপাসিয়া (গাজীপুর)
গাজীপুর মহানগরীর ভাদুন এলাকায় গতকাল বৃহস্পতিবার বিকালে একটি ব্যাটারি চালিত নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলেই শিশুসহ ২ নিহত ও ২ জন আহত হন। নিহতরা হলেন, আরিফ সরকার (২৫) ও রিয়া (৫)। পুলিশ নসিমনের মালিককে আটক করেছে। আহতদের গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে কালীগঞ্জে ট্রেন থেকে পড়ে গুরুতর আহত মফিজুল ইসলাম বাবু (২২) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গত বুধবার রাতে মারা গেছেন। সে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার গুলখার এলাকার মৃত আবুল বাসারের ছেলে।
মাধবপুর (হবিগঞ্জ)
ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলা সদরের সোনাই নদী ব্রিজের নিকট বৃহস্পতিবার ভোরে দ্রুতগামি একটি ট্রাকের ধাক্কায় অজ্ঞাত পরিচয় (৪৫) এক ব্যক্তি নিহত হয়েছেন।
এদিকে মাধবপুরে গতকাল বৃহস্পতিবার দুপুরে ট্রেন ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৫ অটোরিকশা যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন, আব্দুস সালাম (৪০), রুমেল মিয়া (২৫), জুনাইদ (২৫), সোহাগ মিয়া (২০), আকাশ (২৮)।