বাঞ্ছারামপুরে মনোনয়ন প্রত্যাশীদের জোর প্রচারণা
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
প্রকাশ : ২৪ অক্টোবর ২০১৩, ২১:১৯
ব্রাহ্মণবাড়িয়া-৬ বাঞ্ছারামপুর আসনে আগামী দশম সংসদ নির্বাচনের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়ন প্রত্যাশীরা ইতিমধ্যেই জোর প্রচারণা শুরু করেছেন। নির্বাচন নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ থাকলেও সম্ভাব্য প্রার্থীদের নিয়ে ভোটারদের মাঝে চলছে বিচার বিশ্লেষণ। কথিত আছে, সংসদ নির্বাচনে এ আসনে যিনি জয়লাভ করেন সাধারণত তার দলই সরকার গঠন করেন। আসনটি ধরে রাখতে চায় আওয়ামী লীগ পুনরুদ্ধারের মরিয়া বিএনপি । নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে উত্কণ্ঠা বিরাজ করলেও প্রার্থীরা বসে নেই। সম্ভাব্য প্রার্থীদের পক্ষে জনমত নিজেদের পক্ষে আনতে মাঠ পর্যায়ে ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন। এ আসনে আগামী নির্বাচনে সরকারি দল আ,লীগ থেকে মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় আছেন একক প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অবঃ) এবি তাজুল ইসলাম। অপরদিকে বিএনপি মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় রয়েছেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এম এ খালেক (পিএসসি), সহ-সভাপতি মেজর (অবঃ) সাঈদুল ইসলাম সাঈদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রফিক সিকদার, লেঃ কর্ণেল (অব) নুর মোহাম্মদ, সাবেক আহবায়ক ডাঃ রফিকুল ইসলাম খোকন, এডভোকেট জিয়া উদ্দিন জিয়া, বোরহান উদ্দিন আহমেদ, জিয়া মঞ্চের ভাইস প্রেসিডেন্ট হোসনে আরা জালালী ও ড:সাইজুদ্দিন কামাল। জাতীয় পার্টি (এরশাদ) থেকে সাবেক সংসদ সদস্য সহিদুর রহমান, এডভোকেট আমজাদ হোসেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসাবে কথা সাহিত্যিক শাহজাহান আবদালীর নাম শোনা যাচ্ছে। সম্ভাব্য প্রার্থীরা নিজকে যোগ্য প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করতে হাটে-বাজারে, লঞ্চঘাট, বাসস্টেশনসহ পল্লী এলাকার বিভিন্ন জায়গায় নানা যুক্তি তুলে ধরছেন। পোস্টার ব্যানারের পাশাপাশি মোবাইলে এসএমএসের মাধ্যমে নেতা-কর্মীদের খোঁজ-খবর নিচ্ছেন অনেকে। তাছাড়া বিভিন্ন কর্মসূচিতে যোগদান করছেন ।