ঠাকুরগাঁওয়ে বাস চলাচল বন্ধ :যাত্রী দুর্ভোগ
প্রকাশ : ২৪ অক্টোবর ২০১৩, ২১:২০
বাসচালক ও সিএনজিচালিত অটোরিকশা চালকদের সাথে মারামারির ঘটনায় ঠাকুরগাঁও মোটর শ্রমিক ইউনিয়ন পঞ্চগড়, গড়েয়া ও ঠাকুরগাঁও জেলা শহরের সকল রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে। এতে করে যাত্রীরা দুর্ভোগে পড়েছে। জানা গেছে, ঠাকুরগাঁও গড়েয়া রোডে বাসের সাথে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কা লাগে। এতে করে ওই দুই চালকের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। পরে সকল বাসচালক একত্রিত হয়ে ঠাকুরগাঁও জেলার সকল রুটে বাস চলাচল বন্ধ করে দেয়। ফলে ঠাকুরগাঁও শহর থেকে সকল উপজেলার বাস বন্ধের কারণে যাত্রীরা দুর্ভোগে পড়েছে। সাদেকুল ইসলাম নামে এক যাত্রী জানান, বাস বন্ধের কারণে যাত্রীসাধারণ চরম দুর্ভোগে পড়েছি। ঠাকুরগাঁও মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর জব্বার জানান, ওই চালকের বিচার ও সকল হাইওয়েতে সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ না হলে ধর্মঘট অব্যাহত থাকবে।