সিরিজ জিততে মরিয়া ভারত

অসময়ের বৃষ্টিতে গত বুধবার রাচিতে চতুর্থ একদিনের ম্যাচটিতে পরিত্যক্ত হলেও ভারত বাকি দুই খেলা থেকেই সিরিজ জিততে চায়। সাত ম্যাচের এ সিরিজে আগামীকাল শনিবার সফরকারী অস্ট্রেলিয়া ২-১ ব্যবধানে এগিয়ে থেকে কটকে পঞ্চম ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে। এটি হবে ভারতের জন্য সমতা ফেরানোর লড়াই। কারণ এতে হারলে ভারতের পক্ষে আর সিরিজ জয় করা সম্ভব হবে না। ইশান্ত শর্মার বাজে বোলিংয়েই তৃতীয় ম্যাচে কার্যত জেতা ম্যাচে হেরে পিছিয়ে পড়েছিল স্বাগতিকরা। রাচির খেলাটিতে টসে জিতে ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠালে ইশান্ত শর্মার বদলে জায়গা পাওয়া মোহাম্মদ সামি অস্ট্রেলিয়ার টপঅর্ডারে একাই ধস নামান। দলীয় ৩২ রানেই তিন উইকেট হারায় সফরকারীরা। উইকেট তিনটিই নেন সামি। এরপর অ্যাডাম ভোজেসকে আউট করে আঘাত হানেন রবিচন্দন অশ্বিন। ৭১ রানেই চার উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। এরপর অজি অধিনায়ক জর্জ বেইলি পঞ্চম উইকেটে গ্লেন ম্যাক্সওয়েলকে সাথে নিয়ে ১৫৩ রানের জুটি গড়েন। নার্ভাস নাইনটিজে এই দুই ব্যাটসম্যানকে সাজঘরে পাঠান বিনয় কুমার। বেইলি একদিনের ম্যাচে দ্বিতীয় সেঞ্চুরি থেকে মাত্র দুই রান বাকি থাকতে এবং ম্যাক্সওয়েল ক্যারিয়ারের প্রথম শতরানের মাইলফলক থেকে আটরান বাকি থাকতে আউট হন। নির্ধারিত ৫০ ওভারে অজিরা ২৯৫ রান জড়ো করতে সমর্থ হয়। জবাবে অপ্রত্যাশিত বৃষ্টির কারণে ৪.১ বল খেলা হওয়ার পর ম্যাচটিকে পরিত্যক্ত ঘোষণা করতে হয়। ভারতের সংগ্রহ তখন ১/২৭। এই ম্যাচে ভারতের জন্য একটি সুখবর হলো— সিরিজে প্রথমবারের মতো অজি ব্যাটসম্যানদেরকে ৩০০ রানের মধ্যে আটকাতে পারা। দ্বিতীয়ত বাংলার বোলার সামিকে খুঁজে পাওয়া। সৌরভ গাঙ্গুলি তার সম্পর্কে বলেছেন, ‘সবচেয়ে বড় কথা হচ্ছে সামির পেস। উপমহাদেশের উইকেটে কোনও ভারতীয় পেসারকে এই পেসে সুইং করাতে দেখা যায় না।’ সাবেক ভারত অধিনায়ক আরো মত দেন তাকে টেস্টেও খেলানো উচিত। এদিকে সিরিজে পিছিয়ে থাকার দায় মাথায় নিয়ে সামনের ম্যাচগুলোতে ভালো করার কথা বললেন ভারতের ব্যাটসম্যান সুরেশ রাইনা। পিছিয়ে থেকে সিরিজ জয়ই তার দলের লক্ষ্য, ‘আমরা কোনো অজুহাত দাঁড় করাচ্ছি না। তবে, এই পরিস্থিতির মধ্য দিয়েই আমাদেরকে ভাল খেলতে হবে।’