এখনো সুযোগ দেখছে নিউজিল্যান্ড

একটা দিন কিভাবে বদলে দেয় দুটো দলের অবস্থান! আগের দিন সংবাদ সম্মেলনে নাসির হোসেন বলেছিলেন, এখনো সুযোগ আছে বাংলাদেশের। এক দিনের ব্যবধানে এই একই কথা বলতে হলো প্রতিপক্ষ দলের পিটার ফুলটনকে। ঢাকা টেস্টের চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে এসে বললেন, ম্যাচের এখনো অনেক সময় বাকি। তাই, ম্যাচের রং বদলাতেই পারে। চতুর্থ দিনে মাত্র তিনজন বাংলাদেশি ব্যাটসম্যানকে ফেরাতে পেরেছে সফরকারীরা। আর এর মধ্যে ২৬৯ রান করে ফেলেছে স্বাগতিকরা। সব মিলিয়ে দিন শেষে কিছুটা হলেও ব্যাকফুটে নিউজিল্যান্ড। সেটা মাথায় রেখেই নিউজিল্যান্ড ওপেনার ফুলটন বললেন, ‘এখনো আমাদের হাতে অনেক সময় আছে। আজকে আমরা আরো দুটি উইকেট নিতে পারলে ভাল হতো। আগামীকাল (আজ) সকালেই দ্রুত ওদের কয়েকটা উইকেট ফেলে দিতে হবে। প্রথম ঘণ্টায় আমরা ম্যাচে ফিরতে পারলে ম্যাচটা অনেক রোমাঞ্চকর হবে। এটা সত্যি যে, বাংলাদেশ লিড নিয়েছে; তবে এটা খুব বড় লিড না।’ ঢাকা টেস্ট শুরুর আগেই নিউজিল্যান্ড দল বলে আসছিল এই ম্যাচ জয়ের জন্য তারা মরিয়া। সেই কথার পুনরাবৃত্তি করে ফুলটন জানালেন, পঞ্চম দিনে কিউইরা জয়ের জন্যই খেলবে, ‘আমি নিশ্চিত করে বলতে পারি যে, আমাদের জন্য যদি কোন লক্ষ্য স্থির করে দেয়া হয় তাহলে আমরা জয়ের জন্যই খেলবো। ম্যাচ জয়ের জন্য সব ধরনের চেষ্টাই আমরা করবো। সকালে ওদের দ্রুত অল আউট করতে পারলে আমাদের লক্ষ্য খুব একটা বড় হবে না। সেটা করতে পারলেই আমাদের জয়ের সম্ভাবনা থাকবে।’