বন্ধ হোক প্রহসনমূলক রাস্তা মেরামত
প্রকাশ : ২৪ অক্টোবর ২০১৩, ২১:৫১
গাজীপুর জেলা বোর্ড বাজারের পূর্ব পাশে বটতলা রোডের দীর্ঘ রাস্তাটির কথা বলছি। রাস্তাটি দীর্ঘ ১০ বছর ধরে বড় হবে, মেরামত হবে শুধু শুনেই আসছি। ইতিমধ্যে আবাসন বেড়েছে শত শত গুণ। এলাকায় নাই কোনো পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা, নাই কোনো ড্রেনের ব্যবস্থা, যা বাড়ি-ঘরের পয়ঃনিষ্কাশনের সহায়ক। ফলে পয়ঃনিষ্কাশনের বর্জ্য ও বাড়ি-ঘরের নোংরা পানি এই রাস্তায় এসে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে এবং কোনোমতে মেরামতের ফলে রাস্তাটি স্বল্প সময়ের মধ্যেই ভেঙে গিয়ে পূর্বাবস্থায় ফিরে আসে। কয়েকদিন ধরে দেখছি রাস্তাটি ভিটি বালুর ওপর ইট বিছিয়ে মেরামত করা হচ্ছে কোনো রকম পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা ছাড়াই। রাস্তাটি ইট বিছিয়ে যে পরিমাণ প্রশস্ত করে মেরামত হচ্ছে তাতে দুটি গাড়ি পাশাপাশি চলতে পারে না। বিপরীত দিক থেকে আসা গাড়ি পাশ কাটানোর সময় দুর্ঘটনা ঘটে এবং রাস্তায় যানজটের সৃষ্টি হয়।
রাস্তাটির একপাশ দিয়ে ড্রেন এবং ঢালাই করে মেরামত করা উচিত। ঢালাই এবং ড্রেন ছাড়া মেরামত করলে রাস্তাটি ভেঙে পূর্বাবস্থায় ফিরে আসবে। রাস্তাটির বেহাল অবস্থার কারণে কোনো মুমূর্ষু রোগীকে চিকিত্সা কেন্দ্রে স্থানান্তর করাও দুরূহ ব্যাপার। রাস্তাটি জয়দেবপুর চৌরাস্তার সঙ্গে সংযোগ থাকার ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক যখন কোন বিশৃংখলায় বন্ধ হয়ে যায় তখন এই রাস্তাটি দিয়েই দূরপাল্লার গাড়িগুলো চলাচল করে। পরিশেষে রাস্তাটির এক পাশে বড় ড্রেন এবং বড় ড্রেনের সঙ্গে অন্য পাশ থেকে ছোট ছোট ড্রেনের সংযোগ দিয়ে পাকা সেতুর খাল পর্যন্ত সংযোগ দেয়ার পাশাপাশি খালটি অবৈধ দখলদারদের হাত থেকে মুক্ত করে এর প্রবাহকে স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু উদ্যোগ কামনা করছি।
হোসনে আরা খানম, বটতলা, বোর্ডবাজার, গাজীপুর