বিডি নিউজের সাত বছর পূর্তি উদযাপন

অনলাইন সংবাদ মাধ্যম বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকমের সাত বছর পূর্ণ হলো। এ উপলক্ষে বুধবার রাতে রাজধানীর র্যাডিসন হোটেলে আয়োজন করা হয় বর্ষপূর্তির অনুষ্ঠান। অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান, ডেপুটি স্পিকার কর্ণেল (অব.) শওকত আলী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রবীণ আইনজীবী ও সাবেক এটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হক, বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী আব্দুল মঈন খান ও ড. ওসমান ফারুক, জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাবেক সভাপতি মনজুরুল আহসান খান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরী, নির্বাচন কমিশনার আবদুল মোবারক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আনোয়ার হোসেনসহ বিশিষ্টজন উপস্থিত ছিলেন। বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী তার বক্তব্যের শুরুতেই দেশের প্রথম এই ইন্টারনেট সংবাদপত্রের সঙ্গে থাকা, অসাবধানতার ভুলগুলো ধরিয়ে দিয়ে গণমাধ্যম হিসাবে দায়িত্বের কথা মনে করিয়ে দেয়া ও কাঙ্ক্ষিত উত্কর্ষ অর্জনে প্রতিনিয়ত পরামর্শ দিয়ে সহযোগিতা করার জন্য উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানান। অনুষ্ঠানে বিচারপতি-আইনজীবী, ব্যবসায়ী-শিল্পোদ্যোক্তা, কবি-সাহিত্যিক-সাংবাদিক, সংস্কৃতিকর্মী-সংগঠক, ক্রীড়াবিদ-সংগঠক, সামরিক-বেসামরিক কর্মকর্তারাও শামিল হন। পরে কেক কেটে ‘ইতিহাস গ্রন্থনায়’ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাত বছর পূর্তি উদ্যাপন করা হয়।