রেলে শূন্য পদ ১৫ হাজার
প্রকাশ : ২৪ অক্টোবর ২০১৩, ২২:০৪
রেলওয়েতে শূন্য পদের সংখ্যা ১৫ হাজারের বেশি। এরমধ্যে সাড়ে ১৪ হাজার হচ্ছে তৃতীয় ও চতুর্থ শ্রেণির পদ। অপরদিকে আগামী বছরের ডিসেম্বরের মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ সম্পন্ন হবে।
বুধবার বিকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন শুরু হলে প্রশ্নোত্তর পর্বে রেলপথ এবং যোগাযোগ মন্ত্রী সংসদকে এসব তথ্য জানিয়েছেন। বেগম আহমেদ নাজমীন সুলতানার প্রশ্নের জবাবে রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক জানান, রেলওয়েতে চার পদমর্যাদার অনুমোদিত জনবল হচ্ছে ৪০ হাজার ২৬৪ জন। বর্তমানে শূন্য পদের সংখ্যা হলো ১৫ হাজার ১৭২টি এবং কর্মরত পদের সংখ্যা ২৫ হাজার ৯২টি। তৃতীয় ও চতুর্থ শ্রেণির শূন্য পদ হচ্ছে যথাক্রমে সাত হাজার ৩১ এবং সাত হাজার ৬৫০টি। প্রথম শ্রেণির ৮৫ ও দ্বিতীয় শ্রেণীর ৪০৬টি পদ শূন্য রয়েছে।
তিনি আরো জানান, বর্তমান সরকারের মেয়াদেই রেলওয়ের জনবল নিয়োগ সম্পন্ন করার সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। নাছিমুল আলম চৌধুরীর লিখিত প্রশ্নের জবাবে তিনি জানান, গত ২০১১-২০১২ অর্থ বছরে রেলওয়ে ছয় কোটি ৬১ লাখ ৩৯ হাজার যাত্রী পরিবহন করে। আর যাত্রী পরিবহন থেকে আয় হয়েছে ৩৫০ কোটি ৯৬ লাখ ৬৩ হাজার টাকা।