কম বয়সে স্ট্রোক!
প্রকাশ : ২৪ অক্টোবর ২০১৩, ২২:০৫
এতদিন ধারণা করা হতো, বয়স ৫০ পার না হলে হার্ট এ্যাটাক, মস্তিষ্কে রক্তক্ষরণ বা স্ট্রোক হওয়ার ঝুঁকি কম। কিন্তু বিশেষজ্ঞগণ এক নতুন গবেষণার ফলাফলে দেখেছেন, কম বয়সেও স্ট্রোক হতে পারে। বিখ্যাত মেডিক্যাল জার্নাল ল্যানসেট-এ প্রকাশিত এক গবেষণা নিবন্ধে এ তথ্য দেয়া হয়। গবেষকগণ বলছেন, বিশ্বব্যাপী প্রতি বছর ৮৩ হাজারের বেশি সংখ্যক শিশু ও যুবক স্ট্রোকে আক্রান্ত হয়। গবেষক আরও বলছেন, অবস্থা এমন পর্যায়ে গেছে যে, আগামী ২০৩০ সালের মধ্যে অন্তত ১ কোটি ২০ লাখ লোক স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যাবে। স্ট্রোকের জটিলতা নিয়ে বেঁচে থাকবে ৭ কোটি লোক। কিন্তু শুধু ধূমপান বর্জন, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ ও জীবনযাত্রা পরিবর্তন করে ইউরোপে শতকরা ১২ ভাগ স্ট্রোকের ঝুঁকি কমেছে। তাই বিশেষজ্ঞগণ বলছেন, যাদের স্ট্রোকের ঝুঁকি আছে তাদের অবশ্যই ধূমপান পরিহার করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে উচ্চ রক্তচাপ। পাশাপাশি নিয়মিত ব্যায়াম বা শরীরচর্চা করতে হবে। তাহলে স্ট্রোকের ঝুঁকি হ্রাস সম্ভব। লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ