কওমি শিক্ষা ব্যবস্থার স্বীকৃতি দিচ্ছে সরকার
প্রকাশ : ২৪ অক্টোবর ২০১৩, ২২:২৮
মেয়াদের শেষ সময় এসে অবশেষে কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা তথা সনদের স্বীকৃতি দিতে যাচ্ছে সরকার। এজন্য একটি কর্তৃপক্ষ গঠনেরও উদ্যোগ নেয়া হয়েছে। এই কর্তৃপক্ষের নাম দেয়া হচ্ছে ‘কওমি মাদ্রাসা শিক্ষা কর্তৃপক্ষ’। চলতি সংসদ অধিবেশনেই বিল পাস করার পরিকল্পনা রয়েছে সরকারের।
মন্ত্রণালয় সূত্র জানায়, এই কর্তৃপক্ষের প্রধান হিসাবে কওমি শিক্ষা সংশ্লিষ্ট শীর্ষ একজন আলেমকে চেয়ারম্যান করা হবে, তাকে সরকার নিয়োগ দেবে। এই কর্তৃপক্ষে থাকবেন সাতজন সদস্য। বর্তমানে কওমি শিক্ষা ব্যবস্থা আলাদা পাঁচটি বোর্ডের মাধ্যমে পরিচালতি হয়ে আসছে। এই পাঁচ বোর্ডের চেয়ারম্যানরা পদাধিকার বলে এর সদস্য হবেন। সরকারের পক্ষে যুগ্ম-সচিব পদমর্যাদা একজনকে কর্তৃপক্ষের সদস্য করা হবে। কর্তৃপক্ষের কাজ হবে কওমি মাদ্রাসার স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির সনদ প্রদান। কওমি মাদ্রাসায় শিক্ষার সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে সরকার গত বছরের ১৫ এপ্রিল ‘কওমি মাদ্রাসা শিক্ষা কমিশন’ গঠন করে।