অলিগলি রাজপথ দখলে রাখবে আওয়ামী লীগ

আইনকে অগ্রাহ্য করে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য আজ শুক্রবার ভোর থেকে আগামী জাতীয় নির্বাচনে আগ পর্যন্ত সজাগ ও সতর্ক অবস্থানের মাধ্যমে অলিগলি, মসজিদ, পাড়া-মহল্লাসহ পুরো রাজপথ দখলে রাখবে ঢাকা মহানগর আওয়ামী লীগ। সমাবেশের নামে বিএনপি-জামায়াতকে রাজপথে নৈরাজ্য করার কোন সুযোগ দেবে না দলটি। রাজধানীতে কেউ অরাজকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানোর চেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে তাদের গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিতে মহানগরীর ওয়ার্ড, ইউনিয়ন ও থানা শাখা দলীয় নেতা-কর্মীদের প্রতি নির্দেশ দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ এ নির্দেশ দেন। রাজধানীতে আজ সমাবেশ করার সার্বিক প্রস্তুতি থাকলেও প্রশাসনের অনুমতি না পেলে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সমাবেশ না করার সিদ্ধান্ত নিয়েছে নগর আওয়ামী লীগ। ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুব-উল-আলম হানিফ বলেন, রাজপথে যে কোন অরাজকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড রুখে দেয়া আমাদের পবিত্র দায়িত্ব। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এমপি বলেন, আজ শুক্রবার জামায়াত-শিবির কর্মীরা গুপ্ত হামলার মাধ্যমে রাজধানীর বিভিন্ন জায়গায় নাশকতা করতে পারে বলে আমাদের কাছে খবর আছে। এ কারণে সবাইকে সতর্ক থাকতে হবে। ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেন, ঢাকা মহানগরের পাড়া-মহল্লায় অপরিচিত সন্দেহভাজন কাউকে দেখলে তাকে পুুলিশের হাতে সোপর্দ করুন।