বাগেরহাটে কৃষক হত্যার দায়ে চার জনের ফাঁসির আদেশ
প্রকাশ : ২৪ অক্টোবর ২০১৩, ২২:২৯
বাগেরহাটে সুশান্ত ওরফে কালাচাঁদ মল্লিক নামে এক কৃষককে হত্যার দায়ে আদালত তিন সহোদরসহ চার ব্যক্তিকে ফাঁসির আদেশ দিয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস.এম সোলায়মান এই আদেশ দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর দুই আসামিকে বেকসুর খালাস দেয়া হয়। দণ্ডপ্রাপ্তরা এসময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের খাড়াসম্বল গ্রামের কালিপদ মণ্ডলের ছেলে দিলীপ মণ্ডল, একই গ্রামের মৃত বিপীন মল্লিকের তিন ছেলে সুষেন মল্লিক, দীপঙ্কর মল্লিক এবং সুভাস মল্লিক।
মামলার উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখ মোহম্মদ আলী জানিয়েছেন, ২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি ভোর পাঁচটার দিকে বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের খাড়াসম্বল গ্রামের সুধীর মল্লিকের ছেলে সুশান্ত ওরফে কালাচাঁদ মল্লিক নিজের চিংড়ি ঘেরে গিয়ে নিখোঁজ হন। আসামিদের সঙ্গে নিহতের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে আসামিরা সংঘবদ্ধ হয়ে সুশান্ত ওরফে কালাচাঁদ মল্লিককে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করে বলে আদালতে দেয়া পুলিশের অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে ।