আবাহনী ০ : ১ বসুন্ধরা
সোহেল সারোয়ার চঞ্চল
পারেনি আবাহনী। পেরেছে বসুন্ধরা। খেলল আবাহনী। জিতল বসুন্ধরা। ঢাকার ফুটবলে এতো ম্যাচ হয়ে গেল। কিন্তু কালকের মতো ম্যাচ স্মরণীয় হয়ে থাকবে। আবাহনীর জন্য জীবন মরণ লড়াই ছিল। টিকে থাকতে হলে জিততেই হবে। জিতলে চ্যাম্পিয়ন হওয়ার পথে থাকবে তা-ও না। লড়াইয়ে থাকবে। আর বসুন্ধরা জিতলে শিরোপার পথে এগিয়ে যাবে। সেই অংকের হিসাব নিয়ে পারেনি আবাহনী। জিতেছে বসুন্ধরা, লিগের নবাগত দল।
বখতিয়ারের একমাত্র গোলের উপর ভর করে বসুন্ধরা আবাহনীকে হারিয়ে শিরোপার পথে এগিয়ে যাবে। এখনও ১১ ম্যাচ বাকি। বড় বাধা অতিক্রম করল বসুন্ধরা। এখনও পথ অনেক দুর। তারপরও বসুন্ধরা যদি সেই লম্বা পথ মাড়িয়ে এগিয়ে যেতে পারে তাহলে লিগ চ্যাম্পিয়ন হবে। কারো দিকে তাকিয়ে থাকতে হবে না। আবাহনীর চেয়ে বসুন্ধরা ৭ পয়েন্ট এগিয়ে গেছে। পিছিয়ে গেছে দুই বারের চ্যাম্পিয়ন আবাহনী। বসুন্ধরার পয়েন্ট ৪০ এবং আবাহনীর পয়েন্ট ৩৩।
ভাঙ্গাচোরা আবাহনীর বিপরীতে বসুন্ধরা কিংস জ্বলে উঠার কথা। তা না হয়ে উল্টো হয়েছে। আবাহনী বসুন্ধরাকে চাপে ফেলে দিয়েছে। আক্রমণের স্রোতে ভেসে যাচ্ছিল বসুন্ধরা। শুধু গোলের মুখ খুলছিল না। সানডে, জীবন, সোহেল রানা, বেলফোর্ট বসুন্ধরাকে এলামেলো করে দিচ্ছিল। ঘর গুছিয়ে উপরে উঠতেই সর্বনাশ ঘটালো। বল হারিয়ে আবাহনীর মিডফিন্ডার সোহেল রানা বসুন্ধরা কিংসের ব্রাজিলিয়ান ফুটবলার মারকোস ভিনিসিয়্যুাসের গায়ে হাত দিয়ে থাবা মারেন একেবারে রেফারী নাহিদের সামনে। সঙ্গে সঙ্গে ফাউলের বাঁশি। পোষ্ট থেকে ৩০ গজ দুরে। বসুন্ধরার কিরগিজ ফুটবলার বখতিয়ার অসাধারণ এক সেটপিসে আবাহনীর জালে গোল করেন ১-০। গোলকিপার সোহেল অনেক সময় পেলেও হাত বাড়ানোর আগেই জালে বল।
বসুন্ধরার গোল পোষ্টে ছোট বক্সে জটলায় বেলফোর্ট, মামুনুল, সানডে, সোহেলস রানা একে একে শট করেন। বল ডিফেন্ডারদের গায়ে লেগে ফিরে আসে। রায়হানের লম্বা থ্রো বেলফোর্ট পা বাড়িয়ে কাজে লাগাতে পারেননি গোলকিপার আনিসুর রহমান জিকো বল ধরে ফেলেন। কলিন্দ্রেসের অসাধারণ একটি বল গোলকিপার সোহেল রানার মাথার উপর দিয়ে মেরে দিলে গোল হওয়ার আগেই বাঁচিয়ে দেন ডিফেন্ডার রায়হান। তারপরও আবাহনীর আক্রমণে বার বার বসুন্ধরার রক্ষণ ভেঙ্গে পড়লেও জালে বল যায়নি। এখানেই দুর্ভাগ্য আবাহনীর। সব চেষ্টা বৃথা গেছে। আবাহনীর সান্ত্বনা তারা ভাগ্যের কাছে হেরেছে। মিডফিল্ডার সোহেল রানা এবং গোলকিপার সোহেলের ভুলে গোলটা না হজম করলে ম্যাচের রেজাল্ট অন্যরকমও হতে পারত। সেটা হয়নি। রাতটা যে বসুন্ধরার।