রাজধানীতে আওয়ামী লীগের দুইটি অফিসে আগুন গাড়ি ভাংচুর
প্রকাশ : ২৪ অক্টোবর ২০১৩, ২২:২৯
রাজধানীর বিভিন্ন স্থানে আওয়ামী লীগ কার্যালয়ে আগুন ভাংচুর ও ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার ভোর থেকে সকাল ৯টার মধ্যে এসব ঘটনা ঘটে। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে।
বনানী থানার ওসি ভূঁইয়া মাহবুব হোসেন জানান, মহাখালীতে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পেছনে বনানী থানা আওয়ামী লীগের কার্যালয়ে ভোর সাড়ে পাঁচটার দিকে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে কার্যালয়ের ভিতরে আসবাবপত্র, বই, গুরুত্বপূর্ণ ফাইল ও ছবি পুড়ে যায়। প্রাথমিকভাবে পুলিশ টেলিভিশন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে দাবি করলেও স্থানীয় আওয়ামী লীগ নেতারা দাবি করেছেন, উচ্ছৃঙ্খল বিএনপি’র কয়েকজন কর্মী আওয়ামী লীগের এই অফিসে অগ্নিসংযোগ করেছেন।
একই সময়ে বাড্ডার শাহাজাদপুরে স্থানীয় ১৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের একটি অফিসে আগুন দেয় দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোর ছয়টার দিকে শাহজাদপুরে একটি মিছিল বের হয়। মিছিলকারীরা সুবাস্তু নজরভ্যালীর বিপরীত দিকে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে আগুন ধরিয়ে দিলে পুলিশ তাদের ধাওয়া করে। এসময় তারা ককটেল নিক্ষেপ করে। পুলিশ ধাওয়া দিয়ে শহীদুল্ল¬াহ ও মেহেদি নামের দু’জনকে গ্রেফতার করে।
বৃহস্পতিবার ভোরে মগবাজার নয়াটোলায় একটি অটোরিকশায় আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
অন্যদিকে, বৃহস্পতিবার সকালে ডেমরা স্টাফ কোয়াটারের সামনে ঝটিকা মিছিল করে শিবির কর্মীরা। এসময় মিছিলকারীরা একটি যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশা ভাংচুর করে। পুলিশ ধাওয়া দিলে মিছিলকারীরা পরপর ৩টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।