নিউইয়র্কে বিএনপি ও জামায়াতের কনসুলেট ঘেরাও, বিক্ষোভ

২৫ অক্টোবর থেকে বর্তমান সরকারের নির্দেশ না মানার জন্য নিউইয়র্কে বাংলাদেশ কন্সুলেটের সকল কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র বিএনপি ও তাদের শরীক জামায়াতের সমর্থকরা। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে স্থানীয় সময় বুধবার দুপুরে নিউইয়র্কে বাংলাদেশ কন্সুলেট জেনারেল কার্যালয় ঘেরাও কর্মসূচির সময় তারা এ আহ্বান জানান। ঘেরাও কর্মসূচি চলাকালে আয়োজিত সমাবেশে বিএনপি নেতারা বলেন, ২৪ অক্টোবরের পর শেখ হাসিনার সরকার থাকছে না। তারা কন্সাল জেনারেলের কাছে স্মারকলিপি দিয়েছেন। সমাবেশ চলাকালে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা সরকারের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন এবং বিভিন্ন ধরনের ব্যানার ও পোস্টার প্রদর্শন করেন। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি আব্দুল লতিফ সম্রাট, প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মুজিবুর রহমান মজুমদার, সিনিয়র সহ-সভাপতি গিয়াস আহমেদ ও সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লুর।