রাজশাহীতে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা
প্রকাশ : ২৪ অক্টোবর ২০১৩, ২২:৩১
রাজশাহীর পবা উপজেলার দরুশা বাজারে মহানগর যুবলীগের সদস্য মাহফুজুর রহমানকে (৩০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত পৌনে নয়টার দিকে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত মাহফুজ রাজশাহী মহানগরীর চণ্ডিপুর এলাকার ফজল উদ্দিনের ছেলে এবং মহানগরীর সাত নম্বর ওয়ার্ড যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার হোসেন ডাবলু হত্যা মামলার প্রধান আসামি। ডাবলু হত্যার বদলা হিসেবে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশের ধারণা। বুধবার গভীর রাতে নিহতের পিতা পাঁচ ছয় জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেছেন। পবা থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমানকে এ মামলা তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকাল পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে নয়টার দিকে পবার দারুশা হাট ও বাজারের সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন মাহফুজ। এ সময় একটি মাইক্রোবাস থেকে নেমে চার পাঁচজন অজ্ঞাতনামা দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে চারটি গুলি ছোঁড়ে। গুলিবিদ্ধ হয়ে মাহফুজ মাটিতে লুটিয়ে পড়ে মারা যান। দুর্বৃত্তরা দ্রুত মাইক্রোবাসে করে পালিয়ে যায়। পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী জানিয়েছেন, প্রাথমিকভাবে দুর্বৃত্তদের চিহ্নিত করা যায়নি। বৃহস্পতিবার দুপুরে ময়না তদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।