নয়া পল্টনেই সমাবেশ করবে বিএনপি

নানা নাটকীয়তা, টান টান উত্তেজনার ভেতর আজ রাজধানীতে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের বহুলালোচিত সমাবেশ হতে যাচ্ছে। এই সমাবেশে জোট নেত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন। সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা, হুমকি-পাল্টা হুমকির পর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপি। তবে সেখানে সমাবেশ করতে চায় না তারা। বেগম খালেদা জিয়া সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে অনীহা প্রকাশ করেছেন। নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে সমাবেশ করতে চায় তারা। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়ার নেতৃত্বে আমরা নয়াপল্টনেই সমাবেশ করব। বেলা ২টায় সমাবেশের কার্যক্রম শুরু হবে।