ভুল চিকিত্সার খেসারত ছয় কোটি রুপি!
প্রকাশ : ২৪ অক্টোবর ২০১৩, ২২:৩৭
পাশ্চাত্যের উন্নত দেশগুলোতে ভুল চিকিত্সার কিংবা চিকিত্সকের অবহেলায় রোগীর মৃত্যু ঘটলে লাখ লাখ ডলার ক্ষতিপূরণ আদায় করার নজির আছে। কিন্তু এশিয়ার উন্নয়নশীল কিংবা দরিদ্র দেশগুলোতে চিকিত্সার অবহেলার অভিযোগ এনে ক্ষতিপূরনের টাকা আদায় অনেকটা দিবাস্বপ্নের মতো। কিন্তু এমনটি সম্ভব করে ছেড়েছেন ভারতীয় বংশোদ্ভুত এক মার্কিন ডাক্তার। কলকাতার একটি হাসপাতালের চিকিত্সকদের অবহেলায় স্ত্রীর মৃত্যু হয়েছে এমন অভিযোগ এনে আইনি লড়াই চালিয়ে প্রায় ছয় কোটি ভারতীয় রুপি ক্ষতিপূরণ আদায় করেছেন তিনি।
ভদ্রলোকের নাম কুনাল সাহা। তিনি ১৯৯৮ সালে তার স্ত্রী অনুরাধাকে নিয়ে কলকাতায় আসেন। সেখানে তিনি টক্সিক এপিডার্মাল নিক্রোলাইসিস নামের জটিল চর্মরোগে আক্রান্ত হন। কলকাতার আমরি হাসপাতালে স্ত্রীকে চিকিত্সা করান তিনি। চিকিত্সারত অবস্থায় তার মৃত্যু ঘটে। কুনাল সাহা অভিযোগ করেন, সংশ্লিষ্টরা সঠিকভাবে তার স্ত্রীর রোগ নির্ণয় করতে পারেননি। উপরন্তু তারা স্টেরয়েডের ওভারডোজ দিয়েছিলেন। ভারতের সুপ্রিম কোর্ট তার আদেশে গতকাল বৃহস্পতিবার বলে, যে তিন চিকিত্সক কুনাল সাহার স্ত্রীর চিকিত্সা করেছিলেন তারা সম্মিলিতভাবে ক্ষতিপূরনের ২৫ লাখ রুপি দিবেন। অবশিষ্ট অর্থ হাসপাতাল কর্তৃপক্ষকে দিতে হবে। আর ক্ষতিপূরণের গোটা অর্থ মাত্র ৮ সপ্তাহের মধ্যে কুনালের হাতে তুলে দিতে হবে। -এনডিটিভি।