শোকাকুল বাংলাদেশ
প্রকাশ : ২৪ অক্টোবর ২০১৩, ২২:৩৮
বৃহস্পতিবার ভোর ৩টা ৫০ মিনিটে ৯৪ বছর বয়সে হূদরোগে আক্রান্ত হয়ে বেঙ্গালুরুর হাসপাতালে প্রয়াত হলেন প্রবাদপ্রতীম সঙ্গীতশিল্পী মান্না দে। তার মৃত্যুতে ভারত, বাংলাদেশসহ সারাবিশ্বের বাংলা ভাষা-ভাষীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। ঢাকার সাংস্কৃতিক অঙ্গনেও শোকের আবহ। এই কিংবদন্তীতুল্য শিল্পীর মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু শোক প্রকাশ করে বাণী দিয়েছেন।
১৯৫৩ সালে কেরালার মেয়ে সুলোচনা কুমারনকে বিয়ে করেন মান্না দে। মুম্বাইতে ৫০ বছরেরও বেশি সময় থাকার পর ব্যাঙ্গালোরে মেয়ের সাথে ছিলেন মান্না দে। গত বছর ক্যান্সারে আক্রান্ত হয়ে তার স্ত্রী মারা যান। ২০০৫ সালে ‘জীবনের জলসাঘরে’ নামে তার আত্মজীবনী বের হয়। পরে ‘মেমরিজ কাম এলাইভ’ এবং ‘ইয়াদে জি উঠি’ নামে ইংরেজি ও হিন্দিতে এটি অনূদিত হয়। মান্না দে’র সঙ্গীত জীবনের সম্পূর্ণ আর্কাইভ সংরক্ষণ করা আছে মান্না দে সঙ্গীত একাডেমীতে। পাশাপাশি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় এবং কলকাতা সঙ্গীত ভবনেও মান্না দে’র সঙ্গীত সংরক্ষণের উদ্যোগ নিয়েছে। মান্না দে শুধু ভারতেই নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তেও সুপরিচিত।
মান্না দে’র মৃত্যুতে শোক
বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, জনগণ সুরেলা কণ্ঠের এই সঙ্গীতশিল্পীর সঙ্গীতশৈলী কখনো ভুলবে না। উপমহাদেশের সঙ্গীতপ্রেমী জনগণের কাছে এই কিংবদন্তী শিল্পী চিরঞ্জীব থাকবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ভারতীয় চলচ্চিত্রের অন্যতম মধুর কণ্ঠের অধিকারী হিসাবে সুপরিচিত মান্না দে উপমহাদেশের সঙ্গীতপ্রিয় মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন। বাংলাসহ বিভিন্ন ভাষায় প্রায় ৪ হাজার গান গেয়েছেন এই প্রতিভাধর সঙ্গীতশিল্পী। এ সঙ্গীতশিল্পীর ব্যতিক্রমী সুরেলা কণ্ঠ ও তার অনবদ্য সঙ্গীতশৈলী যুগের পর যুগ মানুষ মনে রাখবে।
বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া বলেন, ‘অনন্য গুণী এই শিল্পী তার কণ্ঠের যাদুর পরশে সঙ্গীতানুরাগী মানুষকে রেখেছিলেন মন্ত্রমুগ্ধ করে। সঙ্গীতজগতের উজ্জ্বল তারকা হয়ে উঠার পর জীবনের শেষ দিন পর্যন্ত হূদয়ছোঁয়া তার দরাজ কণ্ঠ অনাদিকাল পর্যন্ত বাংলাভাষী সকল মানুষের প্রাণকে সমানভাবে আপ্লুত করবে।
জেপি’র শোক
জাতীয় পার্টি-জেপি’র মহাসচিব ও সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম উপমহাদেশের বিশিষ্ট সঙ্গীতশিল্পী মান্না দে’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে এক বিবৃতিতে বলেছেন, মান্না দে ছিলেন এই উপমহাদেশের একজন কিংবদন্তী শিল্পী, যিনি বাংলাসহ অন্যান্য ভাষায়ও সঙ্গীত পরিবেশন করে কোটি কোটি মানুষের হূদয়ে স্থায়ী আসন গড়ে নিয়েছিলেন। বাংলা সঙ্গীতের ক্ষেত্রে প্রয়াত মান্না দে’র অবদান উজ্জ্বল নক্ষত্রের মত চির ভাস্মর হয়ে থাকবে। আমাদের বাংলা সঙ্গীতের ক্ষেত্রে মান্না দে’র মৃত্যুতে এক অপূরণীয় ক্ষতি সাধিত হলো, যা সহজে পূরণ হবার নয়। বিগত ছয় দশক ধরে এই কিংবদন্তী শিল্পী বাংলার সঙ্গীতজগতে অপ্রতিদ্বন্দ্বী সম্রাটের ন্যায় বিচরণ করেছেন। আমরা তার মৃত্যুতে শোকাহত এবং প্রয়াত শিল্পীর পরিবারবর্গের প্রতি জানাই আমাদের আন্তরিক সমবেদনা।
এছাড়া মান্না দে’র মৃত্যুতে শোক প্রকাশ করেছে সেলিম আল দীন স্মৃতি পরিষদ, জাসদ, সিপিবি, বিশ্ব কবিতাকণ্ঠ পরিষদ, এসএ টিভি প্রভৃতি সংগঠন ও প্রতিষ্ঠান।