মানসিক চাপ কমাতে

মানসিক চাপে ভোগেন না এমন কোন মানুষ নেই। কিন্তু অনেকেই এই চাপ মোকাবেলা করতে পারেন না, মানসিক চাপ তাদের ক্ষেত্রে স্থায়ী সমস্যা হয়ে দাঁড়ায়। এর প্রভাব ফেলে শরীরেও, দেখা দেয় নানা রোগ। তাই মানসিক চাপে বা টেনশনে পড়লে দ্রুত তা থেকে বের হয়ে আসার চেষ্টা করুন। নিচের পদ্ধতিগুলো অনুসরণ করতে পারেন- ১. লম্বা করে শ্বাস নিন নাক দিয়ে, কয়েক সেকেন্ড ধরে রাখুন, শ্বাস ছাড়ুন মুখ দিয়ে। প্রশ্বাসের সময় তলপেট প্রসারিত করুন। চাপের সময় চোখ বন্ধ করে এ পদ্ধতি প্রয়োগ করুন, অনেকটা স্বস্তি অনুভব করবেন। এতে রক্তচাপ কমবে, পেশী বিশ্রাম পাবে, উদ্ব্বেগ-দুশ্চিন্তা প্রশমিত হবে। ২. মন ভালো করার অন্যতম কার্যকর উপায় হচ্ছে প্রিয় কোন গানে মগ্ন হওয়া। তা ক্লাসিক, রবীন্দ্র, নজরুল, আধুনিক, ব্যান্ড বা সিনেমার গান যে কোন কিছুই হতে পারে। তবে দুঃখ বাড়িয়ে দেয় এমন গান না শোনাই ভাল। ৩. বন্ধু-বান্ধবের সাথে আড্ডা দিন। বেড়াতে যান বন্ধু বা আত্মীয়স্বজনের বাসায়। স্থানের পরিবর্তন মনে ইতিবাচক প্রভাব ফেলে। তেমন কেউ না থাকলে গড়ে তুলুন ইতিবাচক বন্ধুত্ব। ৪. সুনিদ্রা মানসিক চাপ কমিয়ে দেয়। ঘুম না এলে গল্পের বই পড়তে পড়তে বা গান শুনতে শুনতে ঘুমান। অনিদ্রা হলে ডাক্তারের পরামর্শমতো ঘুমের ওষুধ খেয়ে দেখতে পারেন। তবে নিজের ইচ্ছেমতো ঘুমের ওষুধ খাবেন না। ৫. শুধু শরীর সুস্থ রাখাই নয়, ব্যায়াম মানসিক চাপ কমাতেও উল্লেখযোগ্য ভূমিকা রাখে। কঠোর ব্যায়াম করতে হবে- এমন নয়। হাঁটা বা সাঁতার কাটার মতো সাধারণ ব্যায়ামও এক্ষেত্রে কার্যকর। ৬. মানসিক চাপে থাকলে অনেকেই ঝুঁকে পড়েন মাদকের দিকে। গবেষকরা বলছেন, এতে কোন উপকার হয় না। বরং শারীরিক ও মানসিক স্থায়ী ক্ষতি হয়। তাই ধূমপান ও মাদককে ‘না’ বলুন।