ডুমুরিয়ায় ৪টি সরকারি খালে নেট-পাটা উচ্ছেদ

খুলনা সিটি কর্পোরেশনসহ ডুমুরিয়ার বিলপাবলা এলাকার ১০টি বিলের জলাবদ্ধতা নিরশনে নেট-পাটা অপসারণের কাজ শুরু করেছে খুলনার জেলা প্রশাসন। এলাকাবাসী জানান, কতিপয় প্রভাবশালী ডুমুরিয়ার গুটুদিয়া ইউনিয়নের সরকারি গগনা, কুলটি, বাইসরাণী ও পূর্ববিলপাবলা (মতিয়ার খাল) খালে নেট-পাটা স্থাপন করে মাছ চাষ করে আসছিল। বর্ষা মৌসুমে খুলনা সিটির বিষাক্ত পানি খাল দিয়ে বের হতে না পারায় লতা খামারবাটি, রায়েরমহল, আড়ংঘাটা, বিলপাবলা, ধাইগা, উত্তর বিলপাবলা, পশ্চিম বিলপাবলা, পাহাড়পুর, চকহাসানখালী ও চকমথুরাবাদ এলাকার ১০টি বিলে জলাবদ্ধতা ও কচুরীপানায় মশা-মাছির উপদ্রব বেড়ে যায়। বর্জমিশ্রিত পানি চিংড়ি ঘের ও ফসলী জমির ক্ষতি করছিল। গুটুদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা সরোয়ার জানান, এলাকাবাসির লিখিত অভিযোগ খুলনা জেলা প্রশাসনে পাঠানো হয়। বুধবার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুশফিকুর রহমান খালগুলোতে নেট-পাটা অপসারণের কাজ শুরু করেন। শত শত জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাদের সহায়তা করে। অপসারণের পর দখলদাররা পুনরায় নেট-পাটা স্থাপন করতে শুরু করলে এলাকাবাসী বিলপাবলার শিবপদ রায়ের পুত্র তারক রায়কে (২২) আটক করে ডুমুরিয়া থানায় সোপর্দ করে।