চাঁদপুরে রূপালী ব্যাংকের ৩ কর্মকর্তার কারাদণ্ড

রূপালী ব্যাংক লিঃ হাজীগঞ্জ শাখার ভোল্টে রক্ষিত টাকা আত্মসাতের দায়ে ৩ জন ব্যাংক কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদের শাস্তি দিয়েছে বিজ্ঞ আদালত। চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং স্পেশাল ট্রাইব্যুনাল-২-এর বিজ্ঞ বিচারক মোঃ মাহাবুবুর রহমান বৃহস্পতিবার এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন: রূপালী ব্যাংক ওড়পুর নোয়াপাড়া শাখার অফিসার (ক্যাশ) মোঃ আবুল বাশার ভূঁইয়া (৬০), শাখা ব্যবস্থাপক মোঃ ইয়াকুব আলী (৫৫), কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ শহীদুল ইসলাম (৫৫)। রায়ের পর ৩ জনকেই জেলে পাঠানো হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, ২০০৯ সালে রূপালী ব্যাংক লিঃ-এর নিরীক্ষা দল ওই শাখার ভোল্টে ৩৮ লাখ ৩৪ হাজার ৯২৭ টাকার স্থলে ১৬ লাখ ৭ হাজার ৩২৭ টাকা দেখতে পান। ২২ লাখ ২৭ হাজার ৬শ’ টাকা আত্মসাতের ঘটনায় ব্যবস্থাপক, ২য় কর্মকর্তা এবং ক্যাশিয়ারের বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় ৪০৯, ১০৯ দণ্ডবিধি এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা হয়। তদন্তের পর ২০১০ সালের ১৯ জানুয়ারি ওই ৩ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল হয়। রায়ে আবুল বাশার ভূঁইয়াকে ৪০৯ দণ্ডবিধির অপরাধে ১০ বছর, দুদক আইনের ৫ (২) ধারার অপরাধে ৭ বছর এবং ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে দু’বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। ইয়াকুব আলী ও মোঃ শহীদুল ইসলামসহ দু’জনকে ৪০৯ দণ্ডবিধিতে ১০ বছর, দুদক আইনের ৫(২) দণ্ডবিধিতে ৭ বছর এবং ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে ১ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন দুদকের পিপি অ্যাডঃ আলী নেওয়াজ মজুমদার।