পৃথক ঘটনায় ৪ জনের অপমৃত্যু
প্রকাশ : ২৫ অক্টোবর ২০১৩, ২০:২৮
গোপালগঞ্জ ও কেশবপুরসহ দেশের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় চারজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
গোপালগঞ্জ
গোপালগঞ্জের কোটালীপাড়ার সিতাইকুণ্ড গ্রামে গত বৃহস্পতিবার সকালে গোবরের গর্তে পড়ে আলী হোসেন বাবু (২) নামে এক শিশু মারা গেছে। সে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার জয়রামপট্টি গ্রামের সিরাজ দাড়িয়ার ছেলে। নানা বাড়িতে বেড়াতে এসে এ দুর্ঘটনা ঘটে।
কেশবপুর (যশোর)
কেশবপুর মনোহরনগর গ্রামে বিদ্যুত্স্পৃষ্টে গত বৃহস্পতিবার সকালে লিয়াকত আলী গাজীর স্ত্রী আফরোজা বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়। তিনি বাড়ির পাশে মনোহরনগর বিলে শামুক কুড়াতে গিয়ে মসজিদের বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
রাজারহাট (কুড়িগ্রাম)
রাজারহাট উপজেলার সওদাগরপাড়া গ্রামে গত বৃহস্পতিবার পানিতে ডুবে শাহিদুল ইসলামের ছেলে লোকমান (২) নামে এক শিশুর মৃত্যু হয়।
কমলগঞ্জ (মৌলভীবাজার)
কমলগঞ্জ উপজেলার ধিতেস্বর গ্রামে গতকাল শুক্রবার সকালে পুকুরে ডুবে প্রবাসী ছমছু মিয়ার পুত্র নাহিদ হাসান নামে ১৪ মাসের এক শিশু মারা গেছে।