যৌতুকের জন্য স্ত্রী শাশুড়ীকে সিএনজি থেকে নিক্ষেপ

ব্রাহ্মণবাড়িয়ায় গত বৃহস্পতিবার যৌতুকের দাবিকৃত দুই লাখ টাকা না পেয়ে স্ত্রী ও শাশুড়ীকে গাড়ি থেকে ফেলে দিল স্বামী আবুল বাশার। জানা যায়, ১০ মাস পূর্বে সদর উপজেলার বিরামপুর গ্রামের হোসেন মিয়ার মেয়ে রুনার সাথে উপজেলার রাজঘর গ্রামের সৈয়দ মিয়ার ছেলে আবুল বাশারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য চাপ দিয়ে আসছে বাশার। গত কয়েকদিন আগে সে বিদেশ যাওয়ার জন্য ২ লাখ টাকা শ্বশুরবাড়ির নিকট দাবি করে। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে শ্বশুরবাড়ির লোকজনের সাথে বিরোধ সৃষ্টি হয়। ঘটনার দিন আবুল বাশার কৌশলে আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী রুনাকে চিকিত্সা করানোর কথা বলে শাশুড়ীকে নিয়ে বাইপাস এলাকার মধ্যপাড়া বাসস্ট্যান্ডে চলন্ত সিএনজি থেকে স্ত্রী রুনাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এ সময় স্থানীয় জনতা ধাওয়া করলে শেরপুর কবরস্থান এলাকায় গিয়ে শাশুড়ী টুনু বেগমকে সিএনজি থেকে ফেলে দিয়ে পালিয়ে যায়। পরে তাদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। রুনার অবস্থা আশংকাজনক।