সংবাদ সংক্ষেপ
প্রকাশ : ২৫ অক্টোবর ২০১৩, ২০:৩০
পিরোজপুরে শ্রেষ্ঠ বিদ্যোত্সাহী আব্দুল লতিফ
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা \ পিরোজপুরের কাউখালী শিক্ষা উদ্যোক্তা ও সমাজ সেবক মো.আব্দুল লতিফ খসরু তৃতীয়বারের মত জেলার শ্রেষ্ঠ বিদ্যোত্সাহী নির্বাচিত হয়েছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে গত বৃহস্পতিবার পিরোজপুর সদর উপজেলা পরিষদ সভাকক্ষে জেলা প্রশাসকের পক্ষে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আমিনুল ইসলাম এ ঘোষণা দেন।
সরকারি হলো ইব্রাহীম খাঁ কলেজ
ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি মোতাবেক অবশেষে সরকারিকরণ হলো ভূঞাপুর ইবরাহীম খাঁ কলেজ। এ উপলক্ষে বৃহস্পতিবার কলেজের পক্ষ থেকে আনন্দ র্যালী বের করা হয়। র্যালীটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইবরাহীম খাঁ কলেজ মাঠে এসে শেষ হয়। এর আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন স্থানীয় এমপি ও ইবরাহীম খাঁ কলেজ গভর্নিং বডির সভাপতি খন্দকার আসাদুজ্জামান, উপজেলা চেয়ারম্যান শামছুল হক তালুকদার।
ধামইরহাটে হেরোইনসেবীর কারাদণ্ড
ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা \ নওগাঁ ধামইরহাটে এক হেরোইনসেবীকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে ধামইরহাট থানার পুলিশ মাদক-বিরোধী অভিযান চালিয়ে উপজেলার পোস্ট অফিসের নিকট থেকে হেরোইন সেবনকালীন অবস্থায় উপজেলার চকযদু গ্রামের আফজাল হোসেনের ছেলে নুরুল ইসলাম বাবুকে (২২) আটক করে। কুঠিবাড়ী গ্রামের রেজাউল হকের ছেলে হোসেন রেজা সাগর (২২) ফরিদের ছেলে মিজানুর রহমানকে (২০) আটক করে। আটককৃত মাদকসেবীদের ভ্রাম্যমাণ আদালতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার হেমায়েতউদ্দিন, নুরুল ইসলাম বাবুকে ৩ মাসের কারাদণ্ড ও অপর দু’জনকে ৫শ’ টাকা করে জরিমানা করেন।
নাঙ্গলকোটে দুঃস্থদের মাঝে টিন বিতরণ
নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা \ নাঙ্গলকোট উপজেলা পরিষদের উদ্যোগে দুস্থদের মাঝে ঢেউটিন বিতরণ করেছেন উপজেলা চেয়্যারম্যান আলহাজ্ব শাহজাহান মজুমদার। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মাঠে টিন বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইদুল আরীফ, উপজেলা প্রকৌশলী ফজলুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শাহজাহান ভূঁইয়া, প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা প্রমুখ।
বরগুনা শ্রেষ্ঠ সভাপতি মনিরুজ্জামান
বরগুনা (উত্তর) প্রতিনিধি \ প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির (এসএমসি) জেলাপর্যায়ে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন বরগুনা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. মনিরুজ্জামান জামাল। বৃহস্পতিবার বরগুনার জেলা প্রশাসক মো. আবদুল ওয়াহাব ভূঞার সভাপতিত্বে তার কক্ষে (জেলা প্রশাসকের) ১৫ সদস্যের বাছাই কমিটি শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত করেন।
মিঠাপুকুরে শিক্ষক হত্যা মামলার ২ জন গ্রেফতার
মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা \ মিঠাপুকুরে শিক্ষক আকরাম হত্যা মামলার ২ আসামি গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার দিনাজপুরের নবাবগঞ্জ থেকে পুলিশ তাদের গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ২ জন হলেন:ইসলাম মিয়ার ছেলে মোস্তাফিজুর রহমান ওরফে ভেদা (৩৫) ও দুখু চন্দ্রের ছেলে নিখিল চন্দ্র (৪০)। তাদের বাড়ি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কাঁচদহ গ্রামে।
বিরামপুরে স্যানিটেশন উদ্বুদ্ধকরণ সভা
বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা \ জাতীয় স্যানিটেশন মাস উদযাপনের অংশ হিসাবে স্যানিটেশনে উদ্বুদ্ধ করার লক্ষ্যে বিরামপুর উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে এবং ব্র্যাক ওয়াশের সহযোগিতায় বৃহস্পতিবার র্যালী ও আলোচনা সভা হয়েছে। বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে বর্ণাঢ্য র্যালী শেষে উপজেলা অডিটরিয়ামে উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান জিন্নাতুন নেছা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী আবুজার মোঃ মাছুদার রহমান।
লোহাগাড়ায় সাংবাদিক কল্যাণ সংস্থা গঠন
লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা \ চট্টগ্রামের লোহাগাড়া স্থানীয় ও জাতীয় পত্রিকার সংবাদদাতাদের নিয়ে লোহাগাড়া সাংবাদিক কল্যাণ গঠিত হয়েছে। এই উপলক্ষে এম এম আহমদ মনিরের সভাপতিত্বে উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দের উপস্থিতিতে উক্ত সংস্থা গঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে ১৩ সদস্যবিশিষ্ট একটি কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।
তাড়াইলে স্যানিটেশন মাস উপলক্ষে আলোচনা
তাড়াইল (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ বৃহস্পতিবার কিশোরগঞ্জের তাড়াইলে উপজেলা প্রশাসন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও ব্র্যাক ওয়াশ কর্মসূচির উদ্যোগে জাতীয় স্যানিটেশন মাস উদ্যাপন উপলক্ষে র্যালী শেষে আলোচনা সভা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। ইউএনও মোছা. রাবেয়া আকতারের সভাপতিত্বে বক্তব্য রাখেন তাড়াইল ডিগ্রি কলেজের অধ্যক্ষ এটিএম মোস্তফা, দামিহা উদয়ন কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম প্রমুখ।
ত্রিশালে মনোনয়ন প্রত্যাশীর গণসংযোগ
ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা \ ১০ম সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী বৃহস্পতিবার ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নে গণসংযোগ করেছেন। গণসংযোগ শেষে বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে সাবেক সংসদ সদস্য হাফেজ মাওলা রুহুল আমিন মাদানী দলীয় নেতাকর্মীদের সাথে বিনিময় করেন।
ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্বখাদ্য দিবস পালন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি\ বিশ্বখাদ্য দিবস উপলক্ষে বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে র্যালী শেষে সুরসম্রাট আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক আজাদ ছাল¬ালের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক নুর মোহাম্মদ মজুমদার, পৌর মেয়র হেলালউদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান বশিরুল¬াহ জরু, অধ্যক্ষ প্রফেসর কাজী মোস্তফা জালাল, কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক বলাই চন্দ্র দাস, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মহসিন, প্রেসক্লাব সভাপতি সৈয়দ মিজানুর রেজা প্রমুখ।
রাজবাড়ীতে আওয়ামী লীগের বিক্ষোভ
রাজবাড়ী প্রতিনিধি \ বিএনপি ও জামায়াতের দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী ইরাদত আলী। জেলা আওয়ামী লীগের কার্যালয়ে থেকে বের করা হয় বিক্ষোভ মিছিল। মিছিলটি রাজবাড়ী বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে এক পথসভায় মিলিত হয়।
ধুনটে যুবদলের ওয়ার্ড কমিটি
ধুনট (বগুড়া) সংবাদদাতা \ বগুড়া ধুনটে পৌর যুবদলের ২নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে লিখন মন্ডল সভাপতি, শফিকুল ইসলাম ও রাজু আহমেদ সহ-সভাপতি, হিরু মন্ডল সাধারণ সম্পাদক, রিপন শেখ যুগ্ম সাধারণ সম্পাদক ও সবুজ আলীকে সাংগঠনিক সম্পাদক করে বৃহস্পতিবার উক্ত কমিটি গঠন করা হয়।
মতলবে মামলার প্রতিবাদে মিছিল
মতলব উত্তর(চাঁদপুর)সংবাদদাতা\ চাঁদপুরের মতলব উত্তর থানায় সাবেক প্রতিমন্ত্রী নূরুল হুদার বড় ছেলে তানভীর হুদা শুভ, উপজেলা যুবদলের সভাপতি মিয়া মঞ্জুর আমিন স্বপন, ছেংগারচর পৌর যুবদলের আহবায়ক মোহাম্মদ উজ্জল ফরাজী ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আবু সাঈদসহ বিভিন্ন নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে ষাটনল ইউনিয়ন যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল বের করা হয়।
কোটালীপাড়ায় অস্ত্রসহ পৌর কাউন্সিলর আটক
গোপালগঞ্জ প্রতিনিধি ও কোটালীপাড়া সংবাদদাতা \ গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভার কাউন্সিলর হোসেন আলী খলিফাকে (৩৮) রিভলবার ও ১ রাউন্ড গুলিসহ ডিবি পুলিশ আটক করেছে। বৃহস্পতিবার কোটালীপাড়া পৌর এলাকার পশ্চিমপাড়া শিমুলবাড়ি এলাকা থেকে ডিবি পুলিশের এস আই রথীন্দ্র নাথের নেতৃত্বে একদল পুলিশ ওই কাউন্সিলরকে আটক করে।
সেনবাগে শিবিরের হামলায় যুবলীগ নেতা আহত
সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা \ নোয়াখালী সেনবাগের তাহিরপুর এলাকায় গতকাল শুক্রবার শিবির কর্মীদের অতর্কিতে হামলায় যুবলীগ নেতা আবদুল মালেক তপন (২৮) গুরুতর আহত হয়েছে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেছে। স্থানীয় লোকজন জানায়, উপজেলার কাদরা ইউপির তাহিরপুর এলাকায় যুবলীগ নেতা আবদুল মালেক তপনের উপর একদল শিবির কর্মী অতর্কিতে হামলা চালায়।
পূর্বধলায় কৃষিপণ্যের মূল্য নির্ধারণ দাবিতে মানববন্ধন
পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা \ নেত্রকোনা পূর্বধলায় গতকাল শুক্রবার স্বেচ্ছাসেবী সংস্থা আরবানের উদ্যোগে কৃষিপণ্যের লাভজনক মূল্য নির্ধারণে জাতীয় মূল্য কমিশন গঠনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। আরবানের নির্বাহী পরিচালক সৈয়দ আরিফুজ্জামানের নেতৃত্বে উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এরশাদ হোসেন মালু, অ্যাড. রাজু আহমেদ রাজীব, উপজেলা পিডিএফ কর্মকর্তা মো. আবুল কালাম।
দর্শনার আকন্দবাড়িয়ায় বাউল উত্সব শুরু
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা \ ‘গ্রামবাংলার ঐতিহ্যের সন্ধানে’ শ্লোগান নিয়ে শুক্রবার সকাল থেকে বাউল পরিষদের উদ্যোগে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বাউল ও লোকজ উত্সব। উত্সবে জারি ও কবি গানের লড়াইয়ের মধ্য দিয়ে শুভ সূচনা হয়েছে। কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন স্থান থেকে ফকির, বাউল, সাধু শিল্পী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষিরা এসে জড়ো হয়েছে।
দামুড়হুদায় বিএনপির বিক্ষোভ সমাবেশ
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা \ দামুড়হুদা উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দামুড়হুদা উপজেলা বিএনপি বিক্ষোভ শেষে বিএনপি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির সভাপতি লিয়াকত আলী শাহ। বক্তব্য রাখেন হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী শাহ মিন্টু।
কালীগঞ্জে জামায়াত নেতা আটক
কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা \ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়ন জামায়াতের আমীর আসহান হাবিবকে পুলিশ বৃহস্পতিবার রাতে আটক করেছে। তিনি কালীগঞ্জ উপজেলার ষাটবাড়িয়া হুক্কুলহুদা আলিম মাদ্রাসার শিক্ষক এবং রাঢ়িপাড়া গ্রামের বাসিন্দা।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনির উদ্দীন মোল্লা জানান, বৃহস্পতিবার মালিয়াট বাজারে দলীয় নেতাকর্মীদের নিয়ে বৈঠক করে বাড়ি ফিরছিলেন।
কালকিনিতে পাগল মানিক সেবাশ্রমে মহোত্সব
কালকিনি (মাদারীপুর) সংবাদদাতা \ কালজয়ী পুরুষ পাগল মানিক গোসাইয়ের নামে মাদারীপুরের কালকিনি উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশীকর এলাকায় অধ্যাপক বৈদ্যনাথ মজুমদারের উদ্যোগে পাগল মানিক সেবাশ্রমে শুক্রবার যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে ২৪তম বার্ষিক মহোত্সব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রার্থনা, ভাগবত আলোচনা, সঙ্গীত ও হরিনাম সংকীর্ত্তনে হাজার হাজার ভক্তের সমাবেশ হয়।
জামালপুরে ১৮ দলীয় জোটের সংগ্রাম কমিটি গঠন
জামালপুর প্রতিনিধি\ বিএনপি-জামায়াত ১৮দলীয় জোট আগামী ১০ম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ একতরফা ভাবে যাতে নির্বাচন করতে না পারে সেজন্য নির্বাচন প্রতিহত করতে সারাদেশের ন্যায় জামালপুর জেলার ৭টি উপজেলায় সংগ্রাম কমিটি গঠনের কাজ দ্রুতগতিতে শুরু হয়েছে। ইতোমধ্যে ইসলামপুর উপজেলা বিএনপি ও জামায়াত জোট গত ২৪ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ৮৫টি ভোট কেন্দ্রের জন্য ৮৫টি সংগ্রাম কমিটি গঠন করেছে।
দক্ষিণ সুনামগঞ্জে এমপি’র বিরুদ্ধে মিছিল
জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা \ দক্ষিণ সুনামগঞ্জ-জগন্নাথপুর-৩ আসনের সংসদ সদস্য মান্নানের বিরুদ্ধে বৃহস্পতিবার দক্ষিণ সুনামগঞ্জ আওয়ামী লীগের একাংশের উদ্যোগে মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষুব্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা সংসদ সদস্য এম এ মান্নান কর্তৃক আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে কমিটি গঠনের প্রতিবাদে মিছিল শেষে স্থানীয় শান্তিগঞ্জ বাজারে সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা সিরাজুর রহমান সিরাজ।
ধামরাইয়ে আওয়ামী লীগের সমাবেশ
ধামরাই (ঢাকা) সংবাদদাতা \ দেশে নৈরাজ্য, সহিংসতা, বিশৃঙ্খলা কিংবা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ধামরাই উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলার রথখোলায় এক সমাবেশ করা হয়। শুক্রবার সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ মালেক, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু।
কালকিনিতে প্রশাসনের উদ্যোগে বিদায় সংবর্ধনা
কালকিনি (মাদারীপুর) সংবাদদাতা \ মাদারীপুরের জেলা প্রশাসক নূর-উর-রহমানের বিদায় উপলক্ষে কালকিনি উপজেলা প্রশাসনের উদ্যোগে সংবর্ধনা দেয়া হয়। বৃহস্পতিবার অফিসার্স ক্লাবে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফজলে আজিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন অধ্যক্ষ মো.খালেকুজ্জামান, অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকী, খায়রুল আলম খোকন বেপারী, সরদার মো. লোকমান হোসেন, মসিউর রহমান সবুজ, এম এ কুদ্দস বেপারী, প্রাণীসম্পদ কর্মকর্তা মো. নাসিরউদ্দিন আহম্মেদ প্রমুখ।
গলাচিপায় আওয়ামী লীগ নেতার গণসংযোগ
পটুয়াখালী প্রতিনিধি \ পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা হাজী মো. শাহআলম গতকাল শুক্রবার শহরে ব্যাপক গণসংযোগ করেন। বিকালে দলীয় কার্যালয়ে পৌর আওয়ামী লীগ সভাপতি হেলাল খলিফার সভাপতিত্বে অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাজী মো. শাহআলম। এছাড়া সমাবেশে কেন্দ্রীয় যুবলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক কামরান শহীদ প্রিন্স বক্তব্য রাখেন। সমাবেশ শেষে একটি মিছিল বিভিন্ন সড়ক হয়ে আওয়ামী লীগ অফিসের সামনে শেষ হয়।