সীমান্তে যুদ্ধ বিরতি লঙ্ঘন
নওয়াজের প্রতি হতাশ মনমোহন
প্রকাশ : ২৫ অক্টোবর ২০১৩, ২০:৩১
জম্মু ও কাশ্মীর সীমান্তে যুদ্ধবিরতি লংঘন থামাতে না পারায় পাকিস্তানের প্রেসিডেন্ট নওয়াজ শরীফের ব্যাপারে হতাশা প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। তিনি বলেন, আমি হতাশ কারণ নিউইয়র্কে বৈঠকে ভারত ও পাকিস্তান সীমান্তে শান্তি বজায় রাখার ব্যাপারে আমরা একমত হয়েছিলাম কিন্তু তা কার্যকর হচ্ছে না। গত বৃহস্পতিবার মস্কো ও বেইজিং সফর শেষে দেশে ফিরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এসব কথা বলেন। -খবর টাইমস অব ইন্ডিয়ার।
বিরক্তি না লুকিয়ে মনমোহন বলেন, প্রকৃতপক্ষে যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে না এটি খুবই হতাশাজনক। আমি আশা করি নওয়াজ শরীফ উপলব্ধি করবেন যে যুদ্ধবিরতি লংঘন কারো জন্যই মঙ্গলজনক নয়। ্ইউপিএ সরকারের বিরুদ্ধে অনেকের অভিযোগ তারা পাকিস্তানের ব্যাপারে নমনীয়। তাই জাতীয় নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর বক্তব্যে পাকিস্তানের ব্যাপারে অসহিষ্ণুতা প্রকাশ পাচ্ছে। পারভেজ মোশারফের সরকারও পাকিস্তানের ভূখণ্ড থেকে ভারতে যেকোন প্রকার সন্ত্রাসী হামলা বন্ধের ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু তা কার্যকর হয়নি। সাম্প্রতিক কালের ঘটনাবলির কারণে ২০১৪ সালের নির্বাচনের আগে কার্যকর একটি শান্তি চুক্তি করার ব্যাপারে মনমোহনের প্রচেষ্টার সমাপ্তি ঘটতে পারে। এদিকে গত বৃহস্পতিবার সীমান্তে তাদের চৌকিগুলোকে হামলার লক্ষ্যে পরিণত করার অভিযোগ এনেছে ভারতের সেনাবাহিনীর বিরুদ্ধে পাকিস্তানের সেনাবাহিনী। পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল অসীম সালিম বলেন, শিয়ালকোট সীমান্তে বিভিন্ন সেক্টরে যুদ্ধবিরতি লংঘন করে দু’দিন ধরে গুলিবর্ষণ অব্যাহত রেখেছে ভারতের সেনারা।