রাজা হওয়ার বিড়ম্বনায় ভীত প্রিন্স চার্লস!
প্রকাশ : ২৫ অক্টোবর ২০১৩, ২০:৩২
ব্রিটেনের রাজা হওয়া নিয়ে কোনোরকম তাড়া নেই প্রিন্স চার্লসের। বরং তার ভয়, রাজকীয় কাজকর্ম করতে গিয়ে তিনি এক ধরনের কারাগারে আটকে পড়বেন। প্রিন্স চার্লসকে নিয়ে প্রকাশিত টাইম ম্যাগাজিনের এক ফিচারে এরকমটাই জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক চার্লসেরই কর্মকর্তা। টাইম ম্যাগাজিন প্রচ্ছদও করেছে প্রিন্স চার্লসকে নিয়ে। ওই ফিচারটিতে প্রিন্স চার্লসের পূর্ণাঙ্গ প্রোফাইল প্রকাশ করেছে টাইম। ফিচারটি করতে প্রিন্স চার্লসের ৫০ জন বন্ধু ও সহযোগীদের সঙ্গে কথা বলেছে টাইম ম্যাগাজিন। প্রিন্স চার্লস বৃটিশ রাজসিংহাসনের প্রথম উত্তরাধিকারী। তারা মা এলিজাবেথের পর তিনিই হবেন বৃটেনের রাজা।
উল্লেখ্য, নভেম্বরে শ্রীলংকায় কমনওয়েলথভুক্ত দেশগুলোর প্রধানদের শীর্ষ সম্মেলনে রাণী এলিজাবেথের পরিবর্তে অংশ নেবেন প্রিন্স চার্লস। এরকমভাবে আগামী বছরগুলোতে মা রাণী এলিজাবেথের কাজের অনেকটাই করতে হবে ছেলে প্রিন্স চার্লসকে। কারণ, ৮৭ বছর বয়সী রাণী এলিজাবেথের পক্ষে এখন খুব বেশি ভ্রমণ করা সম্ভব নয়।
টাইম ম্যাগাজিন জানিয়েছে, বাড়তি এই রাজকীয় দায়িত্বে ‘খুশি নন’ চার্লস। তিনি এরই মধ্যে এর চাপ অনুভব করতে শুরু করেছেন এবং তার বর্তমান জীবনে এর প্রভাব নিয়ে তিনি কিছুটা চিন্তিত। ফিচারটির লেখক বলেন, প্রিন্স চার্লস ম্যাগাজিনটির সঙ্গে তার আশা এবং ভবিষ্যত্ নিয়ে গভীর উদ্বেগের বিষয়টি আলোচনা করেছেন।