মালিতে জঙ্গি হামলায় জাতিসংঘের দুই শান্তিরক্ষী নিহত
প্রকাশ : ২৫ অক্টোবর ২০১৩, ২০:৩৩
মালিতে এক আত্মঘাতী গাড়ি বোমা হামলায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কর্মরত শাদের দুই সেনাসদস্য ও একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এ হামলায় আরও ছয়জন আহত হয়েছে।
আল-কায়েদা ইন দ্য ইসলামিক মাগরেব (একিউআইএম)-এর সঙ্গে সংশ্লি¬ষ্ট একটি গোষ্ঠির নেতা সুলতান-উদ বাদি বুধবার বলেন, ‘মুজাহিদরা ক্যাম্পে শাদের সৈন্যদের হত্যা করেছে। এসব সৈন্য ফ্রান্সের পক্ষে কাজ করছে’।
উত্তর মালির তেসালিত শহরে এক চেকপয়েন্টে এ আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। জাতিসংঘ মিশনের মুখপাত্র অলিভিয়ের সালগাদো জানান, আত্মঘাতী বোমা হামলাকারী চেকপয়েন্টের কাছে একটি বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে আসে।
মালির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এ বোমা হামলায় চারজন অংশ নিয়েছিলো এবং তারা সবাই নিহত হয়েছে।