যতদিন বেঁচে থাকব দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাব

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, যতদিন বেঁচে থাকব, আপনাদের পাশে থাকব, দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাব। আমার ব্যক্তিগত চাওয়া-পাওয়ার কিছুই নেই, আপনাদের ভালবাসাই আমার পরম পাওয়া। তিনি বৃহস্পতিবার বিকালে নিকলী উপজেলা সদরে জিসি হাইস্কুল মাঠে আয়োজিত তাকে প্রদত্ত গণ-সংবর্ধনা সভায় এসব কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, আমি মূলত একজন রাজনীতিবিদ। অনগ্রসর হাওর এলাকার উন্নয়নে আমি সারাজীবন রাজনীতি করেছি। যখনই সুযোগ পেয়েছি, সভা-সেমিনারে হাওরের কথা বলেছি। বিভিন্ন সময়ে মন্ত্রী, বিদেশি সংস্থার প্রতিনিধি, সরকারি কর্মকর্তাদের হাওরে এনেছি এ এলাকা সম্পর্কে সঠিক ধারণা দেয়ার জন্য। আমার বিশ্বাস, হাওরের সার্বিক অবকাঠামোতে ধীরে ধীরে পরিবর্তন আসবে। গণ-সংবর্ধনা কমিটির সভাপতি কারার গিয়াসউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রেজোয়ান আহমেদ তৌফিক এমপি, মো. আফজাল হোসেন এমপি, সাবেক সচিব কারার মাহমুদুল হাসান, নিকলী উপজেলা চেয়ারম্যান মো. ইকবাল হোসেন, জেলা ন্যাপের সভাপতি অ্যাডভোকেট মোজাম্মেল হক খান রতন, বাজিতপুর পৌরসভার সাবেক মেয়র মেসবাহউদ্দিন আহমদ, অ্যাডভোকেট মো. আবু সাঈদ ইমাম প্রমুখ।