মিরসরাইয়ে প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক আহত
মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ২৫ অক্টোবর ২০১৩, ২০:৫২
চট্টগ্রামের মিরসরাইয়ের মহামায়া ইকো পার্ক এলাকায় প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রেমিকাকে এলাকাবাসী আটক করে পুলিশে খবর দিয়েছে। প্রেমিককে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সার জন্য পাঠানো হয়েছে। শুক্রবার বেলা দুপুরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে মিরসরাই সদর ইউনিয়নস্থ মহামায়া ইকো পার্কে ঘুরতে আসে উপজেলার পাতাকোর্ট গ্রামের প্রেমিক ইন্দ্রলাল দাশ ও একই উপজেলার জয়নগর গ্রামের প্রেমিকা গোলাপী রাণী দাশ। এক পর্যায়ে প্রেমিকা তাঁর হাত ব্যাগ থেকে ছুরি বের করে প্রেমিকের মাথায় আঘাত করে। এতে প্রেমিক মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন আহত ইন্দ্রলালকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সার জন্য পাঠায়।
আটক প্রেমিকা গোলাপ রাণী জানান ‘ইন্দ্রলালের সাথে তার দীর্ঘ আড়াই বছরের সম্পর্ক। গত ২০ অক্টোবর তারা আদালতে গিয়ে বিয়ে করে। বর্তমানে গোলাপ রাণীকে মেনে নিচ্ছে না তার প্রেমিক এবং প্রেমিকের পরিবারের লোকজন। শুক্রবার ইন্দ্রলাল আমাকে মহামায়ায় আসতে বলে ছুরি দিয়ে হত্যার চেষ্টা করে। আমি নিজে বাঁচতে তার হাতের ছুরি কেড়ে নিয়ে তাকে আঘাত করি।’