সিএসএফ সদস্যদের ওপর হামলার অভিযোগে দায়েরকৃত মামলা খারিজ

বেআইনী মারধর ও হত্যা চেষ্টার অভিযোগে মতিঝিল জোনের অতিরিক্তি উপ-পুলিশ কমিশনার মেহেদি হাসান ও উপ-পুলিশ কমিশনার আশরাফুজ্জামানসহ ৩৬ জন অজ্ঞাত পরিচয় পুলিশের বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত। খারিজ আদেশে ঢাকার মহানগর হাকিম হারুন অর রশিদ বলেন, ‘মামলার আসামি প্রজাতন্ত্রের কর্মচারী। প্রজাতন্ত্রের কর্মচারীর বিরুদ্ধে মামলা দায়ের করতে সরকারের পূর্ব অনুমতি প্রয়োজন। এ মামলা দায়েরের সময় এরকম কোন অনুমতি দাখিল করা হয়নি। তাছাড়া মামলার বাদী নিজেও ক্ষতিগ্রস্ত নন। বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আইন বিষয়ক সম্পাদক ও ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। বাদীপক্ষে অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, খোরশেদ আলম, গোলাম মোস্তফা খানসহ প্রমুখ শুনানিতে অংশ নেন। আরজিতে বলা হয়, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ২১ অক্টোবর বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে দেখতে কেন্দ্রীয় কর্যালয়ে আসেন। যাবার সময় আসামিরা পূর্ব পরিকল্পিত ও উদ্দেশ্যমূলকভাবে সিএসএফ এর গাড়িটি আটকে দেয় এবং হামলা চালায়। এই ঘটনায় পুলিশ ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ ৪০ জনকে আসামি করে দুটি মামলা করে।