বিশ্বজিত্ হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন
প্রকাশ : ২৫ অক্টোবর ২০১৩, ২১:২২
বিশ্বজিত দাস হত্যা মামলায় তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক তাজুল ইসলামের সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার মাধ্যমে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। আসামিদের আত্মপক্ষ সমর্থনে শুনানির জন্য ২৮ অক্টোবর দিন ধার্য করা হয়েছে।
বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তা বিশ্বজিতকে হত্যা সংক্রান্ত জব্দকৃত সিডি থেকে সংগৃহীত ২৩টি ছবি ট্রাইব্যুনালে দাখিল করেন। এ ছবিগুলোর মাধ্যমে ১৬ জন আসামিকে শনাক্ত করা হয়।
ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক মো. নুরুজ্জামানের আদালতে সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। রাষ্ট্রপক্ষের বিশেষ পিপি এসএম রফিকুল ইসলাম আদালতে মামলাটি পরিচালনা করেন।
গত ৯ ডিসেম্বর অবরোধ কর্মসূচি চলাকালে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ক্যাডারদের হাতে নির্মমভাবে নিহত হন নিরীহ দর্জি বিশ্বজিত্ দাস।