পলাতক আসামিদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে

পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি যারা বিদেশে পালিয়ে আছে তাদের দেশে ফিরিয়ে আনার জন্য আইনী ও কূটনৈতিক প্রক্রিয়ায় সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন। মো. শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পরপরই দীর্ঘদিন আটকে থাকা বঙ্গবন্ধু হত্যা মামলাটি সর্বোচ্চ আদালতে নিষ্পত্তি করে। অভিযুক্ত যারা আটক ছিল তাদের শাস্তি কার্যকর করা হয়েছে। অপরদিকে পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়, এটর্নি জেনারেলের অফিস এবং সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার সমন্বয়ে আইনমন্ত্রীর সভাপতিত্বে গঠিত টাক্সফোর্স বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে নিরলসভাবে কাজ করছে।