পরিবেশ দূষণ, তিন প্রতিষ্ঠানকে জরিমানা
প্রকাশ : ২৫ অক্টোবর ২০১৩, ২১:২৩
দূষণবিরোধী অভিযান কার্যক্রম হিসাবে বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর হাসপাতাল ও ইটভাটাসহ তিনটি প্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধিদের পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর, ঢাকায় তলব করে শুনানি শেষে পরিবেশগত ক্ষতিসাধনের জন্য সাড়ে ৮ লাখ টাকা জরিমানা করেন।
পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ছাড়া এবং হাসপাতাল বর্জ্যের যথাযথ পরিবেশগত ব্যবস্থাপনা না করে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করে পরিবেশ ক্ষতিসাধনের দায়ে ওয়ারীস্থ সালাউদ্দিন স্পেশালাইজড হাসপাতালকে ৪ লাখ টাকা, আজিমপুরস্থ ডায়াগনস্টিক সেন্টার হেলথ এইডকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার ছাড়াও পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ছাড়া ইটভাটা পরিচালনা এবং এলাকার কৃষি জমি, পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করার দায়ে মানিকগঞ্জের মেসার্স মতিন ব্রিক্সকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তরের শুনানিতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহের পক্ষে উপস্থিত মালিক ও প্রতিনিধিরা অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন এবং প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন। -প্রেস বিজ্ঞপ্তি