কলহ পাকিস্তান ক্রিকেটের ক্ষতি করছে :ওয়াকার

প্রবাদ প্রতীম ফাস্ট বোলার ওয়াকার ইউনিস আদালতের সাথে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ঝামেলা মিটিয়ে ফেলার আহবান জানিয়ে বলেছেন, বোর্ডের এ কলহ পাকিস্তান ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করছে। পাকিস্তানের ইসলামাবাদ হাই কোর্ট ২ নভেম্বরের মধ্যে পিসিবি চেয়ারম্যান পদে নির্বাচনের নির্দেশ দেয়। গত মে মাসে তত্কালীন চেয়ারম্যান জাকা আশরাফের নির্বাচনের বিরুদ্ধে অভিযোগ ওঠায় একই আদালত তাকে বরখাস্তের নির্দেশ দেয়ার পরই বোর্ডের এই ঝামেলা শুরু হয়। ওয়াকার বার্তা সংস্থা এএফপিকে গতকাল শুক্রবার বলেন, ‘সত্যিই পাকিস্তান ক্রিকেট নিয়ে আমি শংকিত। এই চলমান বিবাদ এবং আমাদের ক্রিকেট সম্পর্কে কোন নেতিবাচক সংবাদ আমি যখনই শুনি তখনই পাকিস্তানের লক্ষ লক্ষ ক্রিকেট ভক্তের মত আমার হূদয়টাও ভেঙ্গে যায়।’ এ মাসের প্রথম দিকে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ পিসিবি প্রধান উপদেষ্টার পদ গ্রহণ করেন এবং ঠিকমত ক্রিকেট সম্পর্কিত বিষয়গুলো দেখাশুনা করার জন্য একটি ‘অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটি’ গঠন করেন। এই কমিটি পিসিবির সদস্য সংস্থাগুলোর কোন কোনটির আইনগত সমস্যা নিরসনের জন্য সময় দিতে চেয়ারম্যান নির্বাচনে কিছু বিলম্ব করতে চাচ্ছিলেন। বর্ষীয়ান সাংবাদিক নাজাম শেঠিকে গত জুনে পিসিবির অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়। কিন্তু এক মাস পরে ইসলামাবাদ হাইকোর্ট তার ক্ষমতা খর্ব করে এবং নির্বাচনের নির্দেশ দেয়। পাকিস্তানের হয়ে ৮৭ টেস্টে ৩৭৩ উইকেট শিকার করা ওয়াকার আদালতের এই হস্তক্ষেপে হতাশ। তবে তিনি বলেন, ‘এমন আদেশে আমি অত্যন্ত হতাশ। কিন্তু আমাদের দুর্বল প্রশাসকদের কারণেই আদালত বিষয়টি তাদের এখতিয়ারে নিতে সক্ষম হয়েছে।’ তিনি আরো বলেন, ‘ক্রিকেট প্রশাসনকে স্থিতিশীল, যথার্থ এবং সঠিক জায়গায় নিতে না পারলে আমার শংকা আমাদের ক্রিকেট খুব খারাপ অবস্থায় যাবে। আমার আশা, ক্রিকেট দেখাশোনার জন্য সরকার অভিজ্ঞ ব্যক্তিদের ওপর ছেড়ে দেবে এবং তার মধ্যে কোন হস্তক্ষেপ থাকবে না।’ নির্দিষ্ট কিছু দেশের ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপ বন্ধ করতে পদক্ষেপ নিতে যাচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পাকিস্তান ক্রিকেটেও দীর্ঘদিন যাবত্ রাজনৈতিক হস্তক্ষেপ হয়ে আসছে। পাকিস্তানের রাষ্ট্রপতিই এতদিন পিসিবির চেয়ারম্যান নিয়োগ দিয়ে আসছিলেন। কিন্তু পিসিবির গভর্নিং বডিই এর পরিবর্তে নির্বাচনের ব্যবস্থা চালু করেছে। ওয়াকার বলেন, ‘আমাদের যথেষ্ট মেধাবী ক্রিকেটার রয়েছে। কিন্তু আমাদের দুর্বল প্রশাসনের কারণে আমরা সবকিছু নষ্ট করে ফেলছি। আমাদের ‘এ’ দলের কোন সফর নেই, আমরা আমাদের অনূর্ধ-১৯ দলের ওপর মনোযোগ দিতে পারছি না এবং এজন্য প্রশাসনিক দুর্বলতাই দায়ী।’ আইসিসির সাবেক সভাপতি এহসান মানিকে পিসিবির নেতৃত্বে আনার পরামর্শ দেন ওয়াকার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি মনে করি, পাকিস্তান ক্রিকেটকে সমৃদ্ধির পথে এগিয়ে নেয়ার মত অভিজ্ঞতা এহসান মানির আছে। আমার দৃঢ় বিশ্বাস সরকার ক্রিকেটকে স্বায়ত্তশাসিত সংস্থার মত করে চলতে দেবে। যেমনটি এটা সবসময় ছিল এবং ক্রিকেটকে কোন স্পোর্টস বোর্ডের নিয়ন্ত্রণে নেবে না।’-বাসস/এএফপি