রাজধানীতে সতর্ক অবস্থানে ছিল আওয়ামী লীগ
প্রকাশ : ২৫ অক্টোবর ২০১৩, ২২:২৭
বিরোধী দলের সমাবেশকে ঘিরে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য গতকাল শুক্রবার ভোর থেকে অলিগলি-পাড়া-মহল্লা, মসজিদ, প্রতিটি সড়ক ও মোড়সহ গোটা রাজধানী জুড়ে সজাগ ও সতর্ক অবস্থানে ছিল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী। নৈরাজ্য মোকাবেলায় আইন-শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতেই এ কর্মসূচি গ্রহণ করে ক্ষমতাসীন দলটি। নাশকতার আশঙ্কা করে গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী সকালে বঙ্গবন্ধু এভিনিউতে অবস্থান নেন। এ সময় নানক সাংবাদিকদের বলেন, সারাদেশে অরাজকতা তৈরি করে বিএনপি আগামী নির্বাচন ভণ্ডুল করতে চায়। রাজধানীতে সমাবেশের নামে তারা ঢাকার বাইরে থেকে সন্ত্রাসীদের নিয়ে এসেছে। আর ওই সন্ত্রাসীদের সঙ্গে যোগ দিয়েছে জামায়াতের জঙ্গিরা। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা সতর্ক অবস্থান নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। জনগণের জানমাল রক্ষায় সরকারকে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি। কেউ নৈরাজ্য বা বিশৃঙ্খলার চেষ্টা করলে পুলিশের পাশাপাশি আমরাও প্রতিহত করবো। সুরঞ্জিত সেনগুপ্তের বাসার সামনে ককটেল বিস্ফোরণ প্রসঙ্গে নানক বলেন, এই হামলা তারাই চালিয়েছে বলে আমি মনে করি।
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, কোন বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেয়া হবে না। নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রতিহত করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তা করতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাঠে রয়েছে। তিনি বলেন, সমাবেশকে ঘিরে জামায়াত-শিবির ‘অপতত্পরতা’ চালাচ্ছে। বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেন, বিএনপি-জামায়াতের নাশকতা প্রতিহত করতে মহানগর আওয়ামী লীগ শুধু গতকাল নয়, আগামী নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত রাজপথে সতর্ক থাকবে। ‘নাশকতার চেষ্টা’ ঠেকাতে অবিলম্বে ঢাকা মহানগরে ১২টি সাংগঠনিক টিম তৈরি করা হবে উল্লেখ করে তিনি বলেন, খালেদা জিয়ার দুষ্টচক্র যে কোনো সময় ছোবল মারতে পারে। বঙ্গবন্ধু এভিনিউতে অবস্থান কর্মসূচিতে অন্যান্যের মধ্যে যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো: আবু কাউছার, সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ, যুবলীগ নেতা ফজলুল হক উজ্জল প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে বিরোধী দলীয় নেতার ডাকা হরতাল প্রত্যাখ্যান করে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর আওয়ামী লীগ। গতকাল বিকালে হরতাল ঘোষণার পর রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে অবস্থানরত ঢাকা মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিল করেন। এ সময় ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সাংবাদিকদের বলেন, হরতাল ঘোষণা অবৈধ ও অসাংবিধানিক। জনগণ এ হরতাল মানবে না।