দাঙ্গা সম্পর্কে রাহুলের মন্তব্য নিয়ে ভারতীয় আলেমদের ক্ষোভ

ভারতের মুজাফফরনগরের সাম্প্রতিক দাঙ্গা সম্পর্কে রাহুল গান্ধীর মন্তব্য ঘিরে তুমুল বিতর্কের ঝড় উঠেছে ভারতের রাজনৈতিক অঙ্গনে। রাহুলের মন্তব্যের পক্ষে-বিপক্ষে চলছে আলোচনা। ভারতের আলেম সমাজ বলেছেন, রাহুলের মন্তব্য মুসলমানদের জন্য অবমাননাকর। অপরদিকে, ভারতীয় জনতা পার্টিও (বিজেপি) বলেছে, রাহুল গান্ধী ভারতের মুসলিম ধর্মের লোকদের সন্দেহের চোখে দেখেছেন। গুজরাটের মুখ্যমন্ত্রী ও বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদী বলেছেন, রাহুল গান্ধী ওই ধরনের মন্তব্য করার অধিকার রাখেন না। বৃহস্পতিবার মধ্যপ্রদেশে নির্বাচনী প্রচার চলাকালীন কংগ্রেসের সহ সভাপতি রাহুল বলেছিলেন, ‘গোয়েন্দা সূত্রে খবর পেয়েছি মুজাফফরনগর দাঙ্গার সময় পাকিস্তানের আইএসআই এই দাঙ্গায় নিহত মুসলমানদের পরিবারের কিছু তরুণ সদস্যের সঙ্গে যোগাযোগ করেছিল। পাকিস্তান চেষ্টা করেছিল এই মুসলিম তরুণদের দিয়ে জঙ্গি সন্ত্রাস চালাতে। কিন্তু তারা সফল হতে পারেনি।’ রাহুল গান্ধীর এই মন্তব্য ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। বিজেপির মুখপাত্র শাহনাওয়াগ হুসেন বলেন ‘রাহুল তার দেশের মুসলমানদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা পাকিস্তানকে সহযোগিতা করতে পারে এমন চিন্তা করা মানেই তাদের দিকে সন্দেহের তীর ছোড়া। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই মন্তব্যের জন্য রাহুলের এখনি ক্ষমা চাওয়া উচিত।’ বিজেপির মুখপাত্র জানান, তারা নির্বাচন কমিশনের কাছে রাহুলের বিরুদ্ধে নালিশ করবেন। অন্যদিকে মুজফফরনগরের আলেমরা রাহুলের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি জানিয়েছেন। প্রখ্যাত আলেম শাহ কাজী বলেছেন ‘কংগ্রেসের মত সর্বভারতীয় একটি দলের নেতার কাছে মুসলিমদের প্রতি এই ধরনের নিম্নমানের ও অসম্মানজনক মন্তব্য মোটেও কাম্য নয়। মুসলমানদের দেশপ্রেম কারও থেকে কোনও অংশে কম নয়। আমরা ভারতের জন্য সবকিছু করতে পারি। এই মন্তব্য চুড়ান্ত ভাবে সাম্প্রদায়িক উস্কানিমূলক।’