কওমি মাদ্রাসা ধ্বংসে অপতত্পরতা শুরু হয়েছে :আল্লামা শফী

পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল কওমি মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা ও স্বতন্ত্র বৈশিষ্ট্য ধ্বংস ও ঐতিহ্যবাহী এ শিক্ষা ব্যবস্থার উপর সরকারের অযাচিত নিয়ন্ত্রণ ও নীল নকশা আরোপের তীব্র প্রতিবাদ এবং এ থেকে নিষ্কৃতি লাভের উদ্দেশ্যে দারুল উলুম হাটহাজারী মাদ্রাসায় খতমে ইউনুস, খতমে বুখারী ও বাদ আছর বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। হেফাজত আমীর আল্লামা শাহ আহমদ শফী এই দোয়া মাহফিল পরিচালনা করেন। মাহফিলে উলামা মাশায়েখ, ইসলামী নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ, স্কুল-কলেজ ও মাদ্রাসার ছাত্র-শিক্ষক ও গণমান্য ব্যক্তি ছাড়াও তৌহিদী জনতা অংশগ্রহণ করেন। মোনাজাত পূর্ব ভাষণে হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফী বলেন, নাস্তিক্যবাদি ও তাদের দোসররা উলামায়ে কেরাম ও তৌহিদী জনতার ঈমানী আন্দোলনে ভীত হয়ে এখন ইসলামী শিক্ষা ও আক্বিদা-বিশ্বাসের প্রচার প্রসারে নিয়োজিত দেশের কওমি মাদ্রসাসমূহকে ধ্বংস করার জন্য নানা উপায়ে ষড়যন্ত্রমূলক অপতত্পরতা শুরু করেছে। তাদের এই অপতত্পরতা উলামা-মাশায়েখ, মাদ্রাসার শিক্ষক-ছাত্র ও তৌহিদী জনতা কখনো সফল হতে দিবে না। হেফাজত আমীর আরো বলেন, কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার এই ধারা বাংলাদেশের মানুষকে ধর্মপ্রাণ ও মানবিক বানাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ষড়যন্ত্রমূলক আইন ও অপপ্রচার চালিয়ে এ শিক্ষাধারা ধ্বংসের উদ্যোগ নিলে তা কখনো সফল হবে না। দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার বায়তুল আতিক জামে মসজিদে ঐ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।