এসারের বিক্রয়োত্তর সেবা নিয়ে ক্ষুব্ধ ক্রেতা

দেশে এসারের ল্যাপটপ ও ডেস্কটপ সার্ভিস নিয়ে বরাবরই ক্রেতা সাধারণ ক্ষুব্ধ। প্রযুক্তি বাজারে বাংলাদেশে এসারের একমাত্র পরিবেশক এক্সিকিউটিভ টেকনোলজিস লিমিটেডের এই সার্ভিস নিয়ে দুর্নাম থাকায় বাধ্য হয়ে এসার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড তার পণ্যের গ্রাহকসেবা নিশ্চিত করার জন্য রাজধানীর বেগম রোকেয়া সরণীর তালতলায় একটি কাস্টমার কেয়ার কেন্দ্র স্থাপন করে যাতে ব্যবহারকারীগণ দ্রুত সময়ের মধ্যে সেবা কার্যক্রম গ্রহণ করতে পারে। তবে তাতেও পরিস্থিতির উন্নয়ন ঘটেনি। সৈয়দ মোহাম্মদ নজরুল ইসলাম নামে একজন ক্রেতা বলেন, ‘আমি এসার এস্পায়ার ওয়ান ৭৫২ নেটবুক ব্যবহার করছি এক বছর যাবত্। ইদানিং দেখা যাচ্ছে কিছুক্ষণ পরপর ডিসপ্লে কাঁপতে থাকে। মাঝে মাঝে ডিসপ্লে ঝাঁপসা হয়ে যায়। তখন কিছু দেখা যায় না। আবার ঘণ্টা/দুই ঘণ্টা বন্ধ রাখলে ঠিক হয়ে যায়। সার্ভিস সেন্টারে আজ তিন সপ্তাহ ধরে ঘুরছি। কিন্তু এখনও ঠিক হয়নি।’ এসার ডি৫-৪৭১পি-৬৬০৫১৭ ল্যাপটপ ব্যবহার করেন ওলিউল ইসলাম। তিনি বলেন, ‘আমার ল্যাপটপটির ডিসপ্লে ভেঙ্গে গেছে। ওয়ারেন্টি থাকা অবস্থায়ও সার্ভিস সেন্টার থেকে বলা হয়েছে স্টকে ডিসপ্লে নেই। বিদেশ থেকে আসলে পরিবর্তন করা হবে। সার্ভিস দিতে এতদিন লাগলে আমাকে এই দিনগুলোর জন্য একটি ল্যাপটপ দিলেই পারে। নয়ত ওয়ারেন্টির মানে কী?’ জাকারিয়া খান নামে একজন ক্রেতা বলেন, ‘এসার সার্ভিস সেন্টারের লোক এতই অলস যে সমস্যার সমাধান দিতে মাস পেরিয়ে যায়।’ রাফসান নামক একজন ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘আমার এসার ল্যাপটপটি গরম হয়ে যায়। এই সমস্যা সমাধান চাইলাম। তারা বললেন আলাদা কুলিং ফ্যান কিনে তার উপর ল্যাপটপ রাখতে।’ এই বছরে ২৬ মার্চ কিউবি ল্যাপটপ মেলা থেকে এসারের একটি ল্যাপটপ কিনে ভালোই চলছিল বলে জানান একজন ক্রেতা। কিন্তু সম্প্রতি তার অপারেটিং সিস্টেমে সমস্যা দেখা দিয়েছে। উইন্ডোজ ফটো ভিউয়ার দিয়ে ছবি দেখলে ‘Com surrogate has stopped working’ এবং ফটো ভিউয়ার বন্ধ হয়ে যাচ্ছে। এসারের সার্ভিস সেন্টার এখনও এই সমস্যার সমাধান দিতে পারেনি বলে অভিযোগ করেন তিনি। ইস্কাটনের মমিনুল ইসলাম জানান, ‘এসার এস্পায়ার ৫৯২০ নগদ ৭৮ হাজার টাকা দিয়ে কিনে কী বিপদে আছি, তা বলার নয়। এক মাসের মধ্যে এলসিডিতে সমস্যা, ঝিলিক মারে। এসারের সার্ভিস সেন্টারে গেলে তিন দিন রেখে রিপেয়ার করে দেয়। দুই সপ্তাহ ভালো থাকার পরে আবার একই সমস্যা। এলসিডিটা রিপ্লেসমেন্টও করে দেয় না। অফিসের কাজ বাদ দিয়ে কতবার এই তালতলা যাব, তারই সমাধান খুঁজছি।’ ইলেকট্রনিক পণ্যের ক্ষেত্রে ভালো একটি বিক্রয়োত্তর সেবার কোনো বিকল্প নেই। ক্রেতাদের ক্ষেত্রেও পণ্য ক্রয়ের ক্ষেত্রে এটি অন্যতম অগ্রাধিকার হিসেবেই থাকে। তবে অনেক ব্র্যান্ডের পণ্যের ক্ষেত্রেই এই বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করা হয় না বলে অভিযোগ অনেক ক্রেতার। এসারের ক্ষেত্রেও এমনই ঘটে চলেছে। এই বিষয়ে তাই এসার পরিবেশক ও বিক্রেতাদের সচেতনতা জরুরি।