গণিতে সৃজনশীল প্রশ্ন প্রণয়নের পদ্ধতি

মো. রেজাউল করিম সহকারি শিক্ষক (গণিত ও বিজ্ঞান) ডা. আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয় কাহালু, বগুড়া গণিতে সৃজনশীল প্রশ্ন প্রণয়নে সেকেন্ডারী এডুকেশন সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্ট (এসইএসডিপি) কর্তৃক আয়োজিত কারিকুলাম বিস্তরণ-বিষয়ক প্রশিক্ষণ ২০১৩-এর মাধ্যমে আমরা যে ম্যাসেজ পেয়েছি, সেই ম্যাসেজগুলো নিম্নে তুলে ধরা হলো: একটি সৃজনশীল প্রশ্ন তৈরিতে একটি নতুন পরিস্থিতিযুক্ত মৌলিক, আকর্ষণীয় ও সংক্ষিপ্ত উদ্দীপক থাকবে, উদ্দীপক কখনো পাঠ্যপুস্তক থেকে নেয়া যাবে না। উদ্দীপক সংশ্লিষ্ট তিনটি (ক,খ,গ) প্রশ্ন থাকবে যার মান হবে ক নং এর জন্য ২, খ নং এর জন্য ৪ এবং গ নং এর জন্য ৪, সর্বোমোট ১০ নম্বর। ক নং এর উত্তর হবে উদ্দীপকনির্ভর অথবা যে অধ্যায় থেকে উদ্দীপক নেয়া হয়েছে সেই অধ্যায় সংশ্লিষ্ট। ক অংশের উত্তরের জন্য ২টি ধাপ থাকবে, প্রতিটি ধাপের নম্বর ১। সৃজনশীল প্রশ্নের ২য় অংশের (খ নং) কাঠিন্যের স্তর মধ্যম মানের হবে। এ অংশের উত্তর উদ্দীপকের উপর নির্ভরশীল হবে এবং উত্তরের ক্ষেত্রে ৪টি ধাপ থাকা বাঞ্ছনীয়। সৃজনশীল প্রশ্নের ৩য় (গ নং) অংশটি তুলনামূলক কঠিন স্তরের এবং এই অংশের উত্তরও সরাসরি উদ্দীপক নির্ভরশীল। এখানেও উত্তরে ৪টি ধাপ থাকা বাঞ্ছনীয়। প্রশ্নগুলো এমনভাবে হবে যেন কোন প্রশ্নের উত্তর পুনরাবৃত্তি না ঘটে। ক অংশের নম্বর দুই ধাপে, ২ অথবা ১ পেতে পারে। খ ও গ অংশে ৪টি ধাপে, ৪ অথবা ৩ অথবা ২ অথবা ১ অথবা নম্বর পেতে পারে অর্থাত্ প্রতিটি ধাপের নম্বর ১। নম্বর কখনো ভগ্নাংশে দেয়া যাবে না। কোন অংশ ভুল হলে নম্বর কাটা যাবে কিন্তু ঐ ভুল তথ্য ব্যবহার করে পরবর্তী অংশের উত্তর প্রক্রিয়াগতভাবে ঠিক থাকলে সেই অংশের জন্য পূর্ণনম্বর পাবে। অর্থাত্ একই ভুলের জন্য একাধিকবার দণ্ড দেয়া যাবে না। গণিতে উত্তরপত্র মূল্যায়নে বাক্য গঠন, ভাষাশৈলীর উপর বিশেষ গুরুত্ব দেয়া যাবে না। ৯টি প্রশ্নই লিখিত হতে পারে আবার ৯টিই হতে পারে সারণী, গ্রাফ/লেখচিত্র, ছবি অথবা ডায়াগ্রাম অথবা এগুলোর সমন্বিত রূপ। এক বা একাধিক অধ্যায়ের আলোকে উদ্দীপক তৈরি হতে পারে। প্রশ্নে কোন নতুন তথ্য সংযোজন করা যাবে না অর্থাত্ সকল তথ্যই উদ্দীপকে দেয়া থাকবে।