সিরিয়ায় মসজিদের বাইরে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৪০
প্রকাশ : ২৬ অক্টোবর ২০১৩, ২১:৫৪
সিরিয়ার একটি মসজিদের বাইরে গাড়িবোমা বিস্ফোরণে শিশুসহ অন্ততপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। দামেস্কের সুক ওয়াদি বারাদা শহরে শুক্রবার জুমার নামাজ শেষ হওয়ার পূর্ব মুহূর্তে মসজিদের প্রবেশপথে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। সরকার এবং বিরোধীরা এই বিস্ফোরণের জন্য পরস্পরকে দায়ী করছে। এদিকে রাসায়নিক অস্ত্র পরিদর্শক সংস্থা জানিয়েছে, সিরিয়ার ১৯টি রাসায়নিক অস্ত্র কেন্দ্র খুব শিগগিরই তারা পরিদর্শন করবে। গত শুক্রবার এই ঘোষণা দেয়া হয়েছে। -খবর বিবিসি ও জিনহুয়ার।
যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষণ দল জানায়, বিস্ফোরণে অন্ততপক্ষে তিনটি শিশু নিহত এবং কয়েক ডজনের বেশি মানুষ আহত হয়েছেন। সুক ওয়াদি বারাদা শহরটি বিরোধীদের দখলে হলেও এর বাইরেই অবস্থান নিয়েছে সরকারি বাহিনী। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানায়, বোমা হামলার শিকার হওয়া একটি শিশুর বয়স মাত্র সাত। সেখানে বিস্ফোরণের জন্য বিরোধীদলকে দায়ী করে আরো বলা হয়, সন্ত্রাসীরা বোমা হামলার প্রস্তুতি নেয়ার সময় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। দীর্ঘদিন ধরে চলা গৃহযুদ্ধে গাড়ি বোমা বিস্ফোরণ সিরিয়ায় খুব নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। এ সপ্তাহের শুরুতে হামা শহরের কেন্দ্রে একটি ট্রাকবোমা বিস্ফোরণে অন্ততপক্ষে ৩০ জন নিহত এবং বহু আহত হয়েছেন। ইউএনএইচসিআর জানায়, সিরিয়ায় ৩১ মাস ধরে চলা সংঘর্ষে এক লাখ ১৫ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। দেশের ভেতরে বাস্তুহারা হয়ে পড়েছে ৫০ লাখের বেশি মানুষ। এছাড়া ২০ লাখ মানুষ দেশ ছেড়ে শরণার্থী হয়েছে।
এদিকে একটি সূত্র জানায়, শুক্রবার রাজধানী দামেস্কের কাছে এক বন্দুক যুদ্ধে সরকারি বাহিনী অন্ততপক্ষে ৪০ জন বিদ্রোহীকে হত্যা করেছে এবং প্রচুর অস্ত্র জব্দ করেছে। একই দিন সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, আল-কায়েদা সংশ্লিষ্ট আল নুসরা ফ্রন্টের প্রধান আবু মোহাম্মদ আল জোলানিকে দেশটির পশ্চিমে কোনো একটি স্থানে হত্যা করা হয়েছে। যদিও বিরোধী সূত্র এই দাবি অস্বীকার করেছে।