বারোমারীতে শেষ হলো ক্যাথলিকদের তীর্থোত্সব
শেরপুর থেকে সুশীল মালাকার ও সামেদুল ইসলাম
প্রকাশ : ২৬ অক্টোবর ২০১৩, ২২:০৩
জীবন্ত ক্রুশে পথ পরিভ্রমণ ও মহা খ্রীস্টযাগের মধ্যদিয়ে গত শুক্রবার নালিতাবাড়ীর বারোমারী ধর্মপল্লীতে শেষ হয়েছে দু’দিনের ‘ফাতেমা রানীর তীর্থোত্সব’। গত বৃহস্পতিবার পাপ স্বীকারের মধ্যদিয়ে ক্যাথলিকদের এই তীর্থোত্সব শুরু হয়েছিল। ‘সমুদয় সাধু-সাধু্বীর রাণী মা মারিয়া’ মূল সুরের ওপর ভিত্তি করে বৃহস্পতিবার রাতে আড়াই কিলোমিটার উঁচু-নিচু পাহাড়ী পথে মোমবাতির শিখা হাতে শোভাযাত্রা হয়। রাতভর চলে জাগরণ ও সাক্রামেন্তের আরাধনা। সমাপনী খ্রীস্টযাগে পৌরহিত্য করেন ময়মনসিংহ ধর্ম প্রদেশের ধর্মপাল বিশপ পনেন পৌল কুবি সিএসসি।
সমাপনী প্রার্থনায় ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন। মুক্তিদায়িনী মা মারিয়া আপদে-বিপদে পাশে থেকে অনুপ্রেরণা যোগান এবং তিনিই অসহায়ের সহায়। ‘মা মারিয়া’র প্রতি অশেষ ভক্তি ও শ্রদ্ধা প্রদর্শনের লক্ষ্যে ১৯৯৮ সালে শেরপুরের নালিতাবাড়ীর বারোমারী সাধু লিওর ধর্মপল্লীতে পর্তুগালের ফাতেমা নগরের অনুকরণ ও আদলে ‘ফাতেমা রানীর তীর্থস্থান’ স্থাপন করা হয়। সেই থেকে ভিন্ন ভিন্ন মূল সুরের ওপর ভিত্তি করে অক্টোবর মাসের শেষ বৃহস্পতি ও শুক্রবার এই তীর্থ উত্সব পালন হয়ে আসছে।